আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের হয়রানি, অশালীন গালাগাল ও হত্যার হুমকি প্রদান এবং ফেসবুকে জাতীয় সংগীতের সঙ্গে অশালীন বাক্য পোস্ট করে জাতীয় সংগীত অবমাননার অভিযোগে চিত্রনায়িকা পরীমনিকে লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের ঠিকানায়ও এই নোটিশের অনুলিপি পাঠানো হয়েছে।
রোববার ডাকযোগে এই আইনি নোটিশ পাঠান বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং ‘অ্যাডভোকেট হাসান অ্যান্ড অ্যাসোসিয়েটস’-এর স্বত্বাধিকারী খন্দকার হাসান শাহরিয়ার।
নোটিশে আগামী ৭ দিনের মধ্যে আদালত প্রাঙ্গণের ঘটনার জন্য পরীমনিকে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে এবং ভবিষ্যতে সব ধরনের অশ্লীলতা ও অশালীন আচরণ থেকে বিরত থাকতে বলা হয়েছে। একই সময়ের মধ্যে পরীমনির বিরুদ্ধে চলচ্চিত্র শিল্পী সমিতিকে প্রয়োজনীয় সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে; অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।
নোটিশে অভিযোগ করা হয়, গত ৫ নভেম্বর ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের মামলায় আত্মসমর্পণ করে জামিন পাওয়ার সময় আদালত প্রাঙ্গণে পরীমনির নিরাপত্তাকর্মীদের সঙ্গে সাংবাদিকদের ধাক্কাধাক্কি হয়। এতে সমকালের রিপোর্টার রবিউলের মুঠোফোন কেড়ে নেওয়া, ট্রাইপড ভাঙচুর এবং বেশ কয়েকজন সাংবাদিক ও একজন বিচারপ্রার্থী আহত হন। পরে পরীমনি শারীরিক প্রতিবন্ধকতা থাকা সাংবাদিক রবিউলকে অশালীন গালাগাল ও হত্যার হুমকি দেন।
এছাড়া গত ৬ নভেম্বর পরীমনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে জাতীয় সংগীতের সুর ব্যবহার করে অশালীন বাক্যের পোস্ট দেন, যা রাষ্ট্রীয় প্রতীক ও সংগীত অবমাননা আইনের চরম লঙ্ঘন। নোটিশে সংবিধান ও জাতীয় সংগীত আইন ১৯৭২ (সংশোধিত ২০১০) এবং বাংলাদেশ দণ্ডবিধির ৫০৩, ৫০৪, ৫০৬, ৪৯৯ ও ৫০০ ধারার সুস্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
