মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে ডানা হোয়াইটকে চান। ডানা মিক্সড মার্শাল আর্টসের প্রবর্তক। ট্রাম্প শনিবার তাকে এই পদে কাজ করার প্রস্তাব দিয়েছেন। একই সাথে তিনি হোয়াইটকে সহকারী হিসেবে কয়েকজন যোদ্ধাকে সাথে নিয়ে আসার আহ্বান জানান। ট্রাম্প জানান, যদিও তাদের কেউ কেউ আমাদের দেশের নন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ বা ইউএফসি-এর প্রধান নির্বাহী ডানা হোয়াইটকে একজন ‘হিংস্র যোদ্ধা ও লড়াকু’ হিসেবে অভিহিত করেন। ট্রাম্প হোয়াইটের সাথে বর্তমান বা সাবেক ছয়জন ইউএফসি শিরোপাধারীকে যোগ দেয়ার আহ্বান জানান। এদের মধ্যে রয়েছেন রাশিয়ার দাগেস্তান অঞ্চলের ইসলাম মাখাচভ ও খাবিব নুরমাগোমেদভ এবং মার্কিন নাগরিক জাস্টিন গেথজি, ড্যানিয়েল করমিয়ার ও কায়লা হ্যারিস (সম্ভবত কায়লা হ্যারিসন)। এছাড়া গত বছর মার্কিন নাগরিকত্ব পাওয়া ব্রাজিলিয়ান বংশোদ্ভূত আমান্ডা নুনেসও এই তালিকায় রয়েছেন।
ডনাল্ড ট্রাম্প তার পোস্টে লেখেন যে, উন্মাদ বামপন্থিদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের এই মানুষগুলোকে দরকার। শনিবার লন্ডনে একটি বক্সিং ইভেন্টের পর সংবাদ সম্মেলনে ডানা হোয়াইট জানান, তিনি সোমবার হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে দেখা করবেন। গত মাসে এক সপ্তাহেরও কম সময় দায়িত্ব পালনের পর কেটি জাকারিয়ার মেয়াদ শেষ হওয়ায় হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদটি বর্তমানে শূন্য রয়েছে। কেটি জাকারিয়া ক্যারোলিন লেভিটের স্থলাভিষিক্ত হয়েছিলেন, যিনি গত আগস্টের শেষে পদত্যাগ করেন।
২০০০ সালের শুরুর দিকে ডানা হোয়াইট এবং ট্রাম্প প্রথমবারের মতো একসাথে কাজ করেন। তখন ট্রাম্পের তাজমহল ক্যাসিনোতে ইউএফসি-এর কয়েকটি ইভেন্ট আয়োজন করা হয়েছিল। তবে ২০১৬ সালে ট্রাম্পের নির্বাচনি প্রচারণায় হোয়াইট প্রকাশ্যে সমর্থন দেয়ার পর থেকে তারা ঘনিষ্ঠ মিত্রে পরিণত হন। সাম্প্রতিক বছরগুলোতে ডনাল্ড ট্রাম্প বেশ কয়েকটি ইউএফসি ইভেন্টে অংশ নিয়েছেন। এছাড়া গত জুনে মার্কিন স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে হোয়াইট হাউস ইউএফসি লড়াইয়ের একটি রাতের আয়োজন করেছিল। বর্তমানে হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক হিসেবে স্টিভেন চিউং কর্মরত আছেন, যিনি ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত ডানা হোয়াইটের প্রতিষ্ঠানে ইউএফসির মুখপাত্র হিসেবে কাজ করেছিলেন।
