যথাযোগ্য মর্যাদায় মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ হাইকমিশনের অডিটোরিয়ামে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত, বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নির্মিত দিবসটির তাৎপর্যবিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী, মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন এবং সিনিয়র সহসভাপতি মাহবুব আলম শাহ বক্তব্য দেন। বক্তারা বাংলাদেশের জাতীয় ইতিহাসে ৭ নভেম্বরের গুরুত্ব তুলে ধরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঐতিহাসিক ভূমিকা স্মরণ করেন। একই সঙ্গে তাঁর নেতৃত্বে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অগ্রযাত্রার বিভিন্ন দিক তুলে ধরেন।
হাইকমিশনার তাঁর বক্তব্যে ৭ই নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মুক্তবাজার অর্থনীতির প্রসার, তৈরি পোশাকশিল্পের ভিত্তি স্থাপন, বৈদেশিক কর্মসংস্থান সৃষ্টি, কৃষি বিপ্লব এবং খাল খনন কর্মসূচির বিষয়ে আলোকপাত করেন।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী, মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, মালয়েশিয়া বিএনপির নেতাকর্মী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
মালয়েশিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
আরিফুল ইসলাম, মালয়েশিয়া থেকে
প্রবাস
৪৩ মিনিট আগে
৭ নভেম্বর (শনিবার), ২০২৬, ১০ঃ০৬ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
