হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ফন্ট সাইজ:

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে উপসর্গ নিয়ে ১ হাজার ১৭৫ এবং নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে। হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৮০ জনে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা ও সিলেট বিভাগে ২ জন করে মারা গেছেন। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৪৯ জন রোগী এসেছে। বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪৬৯ জন, রাজশাহীতে ৩৩ জন, সিলেটে ১৪২ জন, চট্টগ্রামে ১৬৩ জন, বরিশালে ৯৭ জন, ময়মনসিংহে ৫২ জন, খুলনায় ৪০ জন এবং রংপুরে ৩৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ১১ হাজার ৮৬৫ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ২ লাখ ৩ হাজার ২৫৭ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে। গত ১৫ই মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৭ হাজার ৭০২ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৩৫৫ জন।