ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করলেন মামুনুল হক

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করলেন মামুনুল হক

ফন্ট সাইজ:

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। ঢাকা উত্তর সিটি করপোরেশনে দলের মনোনীত প্রার্থী হিসেবে মাওলানা মুর্শিদুল আলম সিদ্দিক এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দলের নায়েবে আমীর মাওলানা মাহবুবুল হকের নাম ঘোষণা করা হয়েছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৫টায় পুরানা পল্টনের সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
মাওলানা মুর্শিদুল আলম সিদ্দিকী বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। অন্যদিকে, মাওলানা মাহবুবুল হক বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর। তিনি প্রখ্যাত আলেম ও রাজনীতিবিদ মরহুম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক (রহ.) এর সুযোগ্য সন্তান এবং মাওলানা মামুনুল হকের বড় ভাই।

প্রার্থী ঘোষণা করে মাওলানা মামুনুল হক বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিদ্যমান সংকটগুলো সমাধানে দলের মনোনীত প্রার্থীরা যোগ্যতার পরিচয় দেবেন বলে আমরা আশাবাদী। মহানগরবাসী নির্বাচনি প্রচারণা থেকে শুরু করে ভোটের দিন পর্যন্ত প্রার্থীদের সার্বিক সহযোগিতা করবেন এবং ভোটের মাধ্যমে তাদের বিজয়ী করবেন বলে আমরা প্রত্যাশা করি।

সংবাদ সম্মেলনের আগে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিং ও নির্বাহী বৈঠক উভয়টি পরিচালনা করেন সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। উভয় কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন—সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমির মাওলানা রেজাউল করীম জালালী, মাওলানা মাহবুবুল হক, মাওলানা কুরবান আলী, অ্যাডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন ও মাওলানা আব্দুল আজীজ, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজি, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল হক মূসা, মাওলানা নেয়ামতুল্লাহ, মাওলানা হেদায়েতুল্লাহ হাদী, মাওলানা মুহসিনুল হাসান, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা মুহাম্মদ ফয়সল, মাওলানা উজাইর আমীন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, আইনবিষয়ক সম্পাদক মাওলানা শরীফ হোসাইন, প্রচার সম্পাদক মাওলানা হাসান জুনাইদ, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুর মুহাম্মাদ আজীজ এবং সহকারী বায়তুলমাল সম্পাদক ক্বারী হোসাইন আহমদ।