এনসিএলে বোলিংয়ে উজ্জ্বল সানজিদ, ব্যাটিংয়ে তাইবুর

এনসিএলে বোলিংয়ে উজ্জ্বল সানজিদ, ব্যাটিংয়ে তাইবুর

ফন্ট সাইজ:

জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) ষষ্ঠ রাউন্ড শুরুর দিনে বল হাতে আলো ছড়ালেন চট্টগ্রামের পেসার সানজিত মজুমদার। রংপুরের বিপক্ষে ৫ উইকেট নেন তিনি। একই দিনে ব্যাট হাতে উজ্জ্বল ঢাকার তাইবুর রহমান। খুলনার বিপক্ষে ১২৮ রানে অপরাজিত তিনি।




খুলনা বিভাগীয় স্টেডিয়ামে টস জিতে রংপুরের বিপক্ষে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন চট্টগ্রামের অধিনায়ক হাসান মুরাদ। তার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন পেসার সানজিত মজুমদার। ডানহাতি পেসারের তোপে পড়ে ৪৯ রানে টপঅর্ডারের তিন ব্যাটারকে হারায় রংপুর। ওপেনার অনিক সরকার ২৮, মিম মোসাদ্দেক ৩ ও ইকবাল হোসেন ১৬ রানে ফিরে যান। শুরুর সেই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি রংপুর। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৬৬ রানে অলআউট হয়। ৪১ রানে পাঁচ উইকেট নেন সানজিত। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার প্রথম ফাইফারের ঘটনা। ৩৩তম ম্যাচে এসে এ কীর্তি গড়েন সানজিত। এরপর ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৫৯ রান তোলে দিন শেষ করেছে চট্টগ্রাম। সাদিকুর ২১ ও সাদ্দাম ৩১ রানে অপরাজিত। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে দিনের আরেক ম্যাচে খুলনার বিপক্ষে প্রথম দিন শেষে ৫ উইকেটে ৩৬৮ রান তোলে ঢাকা। ফিফটি পেয়েছেন ওপেনার আশিকুর রহমান শিবলি। তিনে নামা ফয়সাল সরকার রায়হান। তবে ঢাকার বড় সংগ্রহের পথে সেঞ্চুরি করেন তাইবুর রহমান। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার পঞ্চম সেঞ্চুরি। তাকে সঙ্গ দেয়া আমিনুল ইসলাম বিপ্লব পেয়েছেন ফিফটির দেখা। তাইবুর ১২৮ ও আমিনুল ৫৬ রানে অপরাজিত।



চট্টগ্রামে আরেক ম্যাচে বরিশালের বিপক্ষে প্রথম দিন শেষে ৬ উইকেটে ২৪৭ রান তুলেছে ময়মনসিংহ। দলটির হয়ে ফিফটি পান আল আমিন জুনিয়র ও ওপেনার খালিদ হাসান। বগুড়ায় রাজশাহীর বিপক্ষে ৮ উইকেটে ৩২৯ রান তুলে প্রথম দিন শেষ করেছে সিলেট।

​