ভারত জুড়ে ভোট চুরি ও এসআইআর প্রক্রিয়ায় অনিয়ম নিয়ে যখন বিরোধীরা সরব হয়ে উঠেছে ঠিক তখন ভারতের সাবেক মুখ্য নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশি এসআইআর প্রক্রিয়াকে অন্যয্য ও ভুয়া বলে অভিহিত করেছেন। তার আরও সংযোজন, পশ্চিমবঙ্গের সর্বশেষ বিধানসভা নির্বাচন অবৈধ। পশ্চিমবঙ্গের নির্বাচন কি বৈধ না অবৈধ এই প্রশ্ন তুলে তিনি বলেছেন, আমার মতে, এই নির্বাচন বৈধ ছিল না। আমি একথা মিডিয়ার সামনে জনসমক্ষে বলছি। কুরেশির মতে, সুপ্রিম কোর্টের সামনে সবটা আছে। আদালত সঠিক সিদ্ধান্ত নেবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
কলকাতায় পশ্চিমবঙ্গের সাবেক স্পিকার হাসিম আব্দুল হালিম নামাঙ্কিত মেমোরিয়াল বক্তৃতায় কুরেশি মুখ্য নির্বাচন কমিশনারের সমালোচনা করে বলেছেন, জাতীয় নির্বাচন কমিশন মানেই একা মুখ্য নির্বাচন কমিশনার নন। কোনও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বাকি দুই কমিশনারের সঙ্গে মুখ্য নির্বাচন কমিশনারের মতামত না মিললে কমিশন সেক্ষেত্রে সিদ্ধান্ত খারিজ করবে। এটাই নিয়ম।
এবার এসআইআরে সবথেকে বড় বিতর্কের সূত্রপাত হয়েছে ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে ম্যাপিং নিয়ে। এটিকে সাবেক মুখ্য নির্বাচন কমিশনার কুরেশি স্রেফ অযৌক্তিক বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গ জুড়ে ৪৯টি বিধানসভায় ৭০-৮০ শতাংশ মুসলিমের নাম বাদ দেওয়া হয়েছে। বিচারকদের ভোটার তালিকা নিয়ে কাজ করতে হচ্ছে। এসব একেবারের সুখবর নয়। তবে এখন পুরোটাই সামনে চলে এসেছে। এটা একটা ভালো দিক।
প্রতিটি ভারতীয়ের ভোটাধিকার রক্ষার জন্য একটি স্বাধীন ও গণতান্ত্রিক নির্বাচন কমিশন প্রযোজন—শীর্ষক আলোচনায় কুরেশি ছাড়াও বক্তব্য রাখেন প্রবীণ আইনজীবী বিকাশ ভট্টাচার্য্য, এসএফআই নেত্রী ঐশী ঘোষ প্রমুখ।
