বিএনপির সংসদ সদস্যরা গায়ের জোরে সংসদে আছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, বিএনপি গায়ের জোরে ক্ষমতায় রয়েছে। তবে গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না। অতীতেও অনেকেই গায়ের জোরে ক্ষমতায় ছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা টিকে থাকতে পারেনি। বিএনপিকে ক্ষমতায় থাকতে হলে অবশ্যই গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। জনগণের রায় উপেক্ষা করে কোনোভাবেই ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয়।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টার দিকে গাইবান্ধা জেলা পরিষদের সম্মেলন কক্ষে এনসিপি গাইবান্ধা জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত আঞ্চলিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভা শুরুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে নাহিদ ইসলাম আরও বলেন, বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। বরং আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য একটি প্রকল্প গ্রহণ করেছে। তিনি অভিযোগ করেন, বিএনপি তাদের প্রতিশ্রুতি অনুযায়ী আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম জানান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশগ্রহণ করবে।
এনসিপির জেলা সমন্বয়ক খাদেমুল ইসলাম খুদির সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন জেলা সদস্য সচিব রাহাদ ইবনে শহীদ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, সাংগঠনিক সম্পাদক ডা. কামরুল ইসলাম দর্পণ এবং সহ-সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসাইনসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় দলের সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এদিকে, সভা শেষে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় যাওয়ার কথা রয়েছে। সেখানে ঢাকায় সম্প্রতি শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে নিহত শ্রমিক তৌফিক আহমেদের কবর জিয়ারত করবেন তারা।
বিএনপি গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না: নাহিদ ইসলাম
গাইবান্ধা প্রতিনিধি
রাজনীতি
১ ঘন্টা আগে
৬ নভেম্বর (শুক্রবার), ২০২৬, ২ঃ০৬ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
