রোনালদোর শেষ ম্যাচে থাকতে পারেন নতুন কোচ

‘এভাবে’ বিদায় দেবে না পর্তুগাল

রোনালদোর শেষ ম্যাচে থাকতে পারেন নতুন কোচ

ফন্ট সাইজ:

ক্লাব ক্যারিয়ারে কখনোই ভক্ত-সমর্থকদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় বলতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে শুরু করে রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ঘুরে আরেকবার সেই রেড ডেভিলদের দূর্গ, সবখান থেকেই নীরবে চলে আসতে হয়েছে পর্তুগিজ মহানায়ককে। এবার জাতীয় দলকে বিদায় জানালেন রোনালদো। এক ভিডিওবার্তায় পর্তুগালের জার্সি খুলে রাখার কথা বললেন নিজেই। তবে দেশের ফুটবলের সর্বকালের অন্যতম সেরা এই তারকাকে আনুষ্ঠানিক বিদায় না দিয়ে মাঠ থেকে চলে যেতে দিতে নারাজ পর্তুগাল ফুটবল ফেডারেশন (এফপিএফ)। রোনালদোর ক্যারিয়ারের মর্যাদা ও অবদান বিবেচনায় তাকে বিশেষ সংবর্ধনা দেয়ার পরিকল্পনা করছে সংস্থাটি। এদিকে গুঞ্জন শোনা যাচ্ছে, রোনালদোর শেষ ম্যাচে জর্জ জেসুসের জায়গায় ডাগআউটে থাকতে পারেন অন্য কোচ।

রোনালদোর বিদায়ী ঘোষণার পরই এক বিবৃতিতে তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে পর্তুগিজ ফুটবল ফেডারেশন। সেখানে বলা হয়, ‘পর্তুগিজ ফুটবল ফেডারেশন চিরন্তন অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর প্রতি গভীর ও চিরস্থায়ী কৃতজ্ঞতা প্রকাশ করছে। দেশের হয়ে তার অসাধারণ পথচলার জন্য আমরা তাকে শ্রদ্ধা এবং ধন্যবাদ জানাই।’

বিবৃতিতে রোনালদোকে শুধু একজন অসাধারণ ফুটবলার হিসেবে নয়, বরং অনুপ্রেরণাদায়ী নেতা এবং জাতীয় দলের আত্মার প্রতীক হিসেবেও উল্লেখ করা হয়েছে। ফেডারেশনের ভাষায়, ‘তিনি দেশকে নিজের কাঁধে বহন করেছেন, একের পর এক রেকর্ড গড়েছেন এবং এমন সব অর্জনে নেতৃত্ব দিয়েছেন, যা পর্তুগিজ ফুটবলের ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।’

রোনালদোর বিদায় প্রসঙ্গে ফেডারেশনের অবস্থানও বেশ স্পষ্ট। বিবৃতিতে বলা হয়েছে, ‘পর্তুগিজ ফুটবল ফেডারেশন কোনো যথাযথ সম্মাননা ও সংবর্ধনা ছাড়া তার এই বিদায় মেনে নিতে পারে না।’ অর্থাৎ জাতীয় দলের হয়ে শেষ ম্যাচের পাশাপাশি তার জন্য বিশেষ আয়োজনের পরিকল্পনা রয়েছে ফেডারেশনের।

এদিকে বৃটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’-এর প্রতিবেদনে বলা হয়েছে, রোনালদোর বিদায়ী ম্যাচে পর্তুগালের ডাগআউটে নাও দেখা যেতে পারে বর্তমান কোচ জর্জ জেসুসকে। সিআরসেভেনের সঙ্গে তার সাম্প্রতিক সম্পর্কের অবনতির কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। বিকল্প হিসেবে আলোচনায় রয়েছে সাবেক কোচ লুইস ফেলিপে স্কলারির নাম। ২০০৩ সালে তার হাত ধরেই রোনালদোর আন্তর্জাতিক অভিষেক হয়।

এর আগে ২০২৬ সালের সেপ্টেম্বরে নরওয়ের বিপক্ষে ম্যাচে রোনালদোকে একাদশের বাইরে রাখেন জেসুস। এতে ক্ষুব্ধ হয়ে দলীয় ক্যাম্প ছাড়েন পর্তুগিজ অধিনায়ক। তবে রোনালদোর অবসরের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে জেসুস বলেন, ‘ক্রিস্টিয়ানো একজন বৈশ্বিক আইকন, পর্তুগাল ও জাতীয় দলের জন্য অনুকরণীয় ব্যক্তিত্ব। আমাদের তরুণ খেলোয়াড়রা যেন প্রতিদিন তার কাছ থেকে অনুপ্রেরণা নিতে পারে, সে জন্য আমি দলের মিলনায়তনে তার একটি বড় ছবি লাগিয়েছি।’