প্রশংসা ও সমর্থন করে সামান্তার পাশে মাহফুজ-জারা

প্রশংসা ও সমর্থন করে সামান্তার পাশে মাহফুজ-জারা

ফন্ট সাইজ:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের পর সামান্তা শারমিনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরব হয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম এবং চিকিৎসক ও তরুণ রাজনীতিক তাসনিম জারা। সামান্তা শারমিনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন মাহফুজ আলম। অন্যদিকে, তার  প্রশংসা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন চিকিৎসক ও রাজনীতিক তাসনিম জারা।
গতকাল বৃহস্পতিবার বিকেলে এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দেন সামান্তা শারমিন। এরপর রাতে তাকে নিয়ে পোস্ট দেন তাসনিম জারা। এর পরদিন শুক্রবার সকালে একই প্রসঙ্গে ফেসবুকে নিজের বক্তব্য তুলে ধরেছেন মাহফুজ আলম। ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘৬ সদস্যের বৈষম্যবিরোধী লিয়াজোঁ কমিটি থেকে চার শতাধিক কমিটির জাতীয় নাগরিক কমিটিতে উত্তরণ ও বিস্তারে যাদের মুখ্য অবদান আছে, তাদের নিয়ে নোংরামি এবং অপপ্রচার একটা বাজে নজির। আগেও হয়েছে অনেক।’
মাহফুজ বলেন, ‘দল গঠনের দিন থেকে এ নজির সে দলের ততকালীন নেতৃত্বই স্থাপন করেছিলেন। গতকালও সামান্তা শারমিন আপাকে নিয়ে একই কান্ড হল।’
সাবেক এই উপদেষ্টা বলেন, ‘লিয়াজোঁ কমিটি ও নাগরিক কমিটিতে মুখ্য ভূমিকা রাখা লোকজন না থাকলে একটি দল এত দ্রুত গঠিত হতো না। সুতরাং, যারা ভিত গড়ে দিয়ে জোটের কারণে চলে গেছেন, তাদের প্রতি কৃতজ্ঞ থাকুন। তারা দিনরাত পরিশ্রম করেছেন বলেই দলটাকে আপনারা একটা শেইপে পেয়েছিলেন। আর, কৃতজ্ঞতা না দেখাতে পারলে রাজনৈতিক সহাবস্থান ও ভালো চর্চার খাতিরে নিরব থাকুন।’
তাসনিম জারা লিখেছেন, ‘রাজনীতিতে কথা বলতে আসা মানুষের অভাব নেই। শুনতে আসা মানুষ খুব কম। সামান্তাকে খুব কাছ থেকে তিনি দেখেছেন। তিনি সেই অল্প মানুষদের একজন। অক্লান্ত পরিশ্রম করেন, তবু কেউ কথা বলতে এলে তিনি থামেন। পুরোটা শোনেন। মানুষটাকে কখনো বুঝতে দেন না যে, তাঁর তাড়া আছে। মানুষের কাছে যান তাঁদের জীবনটা বুঝতে, তাঁদের পাশে দাঁড়াতে।’
তিনি লিখেছেন, ‘ওনার রাজনৈতিক জার্নি এখনো অনেক বাকি। এমন মানুষের জায়গা আমাদের রাজনীতিতে আরও বড় হওয়া দরকার।’