অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আজিমপুর সড়কের দু’পাশ বন্ধ করে আন্দোলন করছেন রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক গার্হস্থ্য অর্থনীতি কলেজ) শিক্ষার্থীরা। শুক্রবার সকাল ১০টা থেকে এ অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।
তারা জানান, অবরুদ্ধ অধ্যক্ষ ডক্টর মেহেরুন্নেছাকে ছাড়াতে রাতে পুলিশ তাদের শিক্ষার্থীদের ওপর লাঠি চার্জ করেছে। নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর হামলা করেছে।
আন্দোলনরতদের দাবি, এতে তাদের বেশ কয়েকজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার সকাল থেকেই ডক্টর মেহেরুন্নেছাকে অবরুদ্ধ রেখেছিলো শিক্ষার্থীরা। পরে রাতে অবরুদ্ধ অধ্যক্ষকে পুলিশি সহয়তায় নিয়ে যাওয়া হয়।
লালবাগ থানার ওসি মোহাম্মদ জামিল হোসেন গণমাধ্যমকে বলেন, অর্ধশতাধিক শিক্ষার্থী কলেজের সামনের সড়ক আটকে বিক্ষোভ করছেন। তারা অধ্যক্ষের পদত্যাগসহ কয়েকটি দাবিতে নানান স্লোগান দিচ্ছেন।
আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে—অধ্যক্ষ অধ্যাপক মেহেরুন্নেছার পদত্যাগ, ক্যাম্পাসের ভেতরে শিক্ষার্থীদের ওপর লাঠিপেটা করা পুলিশ সদস্যদের শোকজ, অধ্যক্ষের পদত্যাগের লিখিত পত্র না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসের সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। যেসব শিক্ষক ও কর্মচারী এই হামলাকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন, তাদের অবাঞ্ছিত ঘোষণা করতে হবে।
উলেখ্য, পূজার ছুটির আগে কলেজ অডিটোরিয়ামে স্নাতকোত্তর শেষ বর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি প্রথমে রাত ১০টার মধ্যে শেষ করার নির্দেশনা দেওয়া হয়। তবে অনুষ্ঠান শেষ হতে ভোর ৫টা বেজে যায়।
নির্ধারিত সময়ের পরও অডিটোরিয়াম ব্যবহার করায় অনুষ্ঠানের সমন্বয়কারী দুই শিক্ষার্থীর আবাসিক হলের আসন বাতিল করেন অধ্যক্ষ মেহেরুন্নেছা। পরে ওই শিক্ষার্থীরা ক্ষমা চাইতে গেলে আসন ফিরিয়ে দেওয়ার শর্ত হিসেবে তাদের কাছ থেকে এক রাতের অডিটোরিয়ামের এসি ও বিদ্যুৎ বিল বাবদ ১২ হাজার ৬০০ টাকা জরিমানা চাওয়া হয়। এরপরই শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন।
