ঢাকায় দুদিনব্যাপী পোলিশ চলচ্চিত্র প্রদর্শনী ও নোবেলজয়ী সাহিত্যিকদের নিয়ে সভা

ঢাকায় দুদিনব্যাপী পোলিশ চলচ্চিত্র প্রদর্শনী ও নোবেলজয়ী সাহিত্যিকদের নিয়ে সভা

ফন্ট সাইজ:

পোল্যান্ডের সমৃদ্ধ শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে বাংলাদেশের দর্শক ও পাঠকদের পরিচয় করিয়ে দিতে রাজধানী ঢাকায় দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ‘Polish Culture in Bangladesh’ শীর্ষক এ আয়োজন করছে নয়াদিল্লির পোলিশ ইনস্টিটিউট এবং বাংলাদেশে পোল্যান্ড প্রজাতন্ত্রের অনারারি কনস্যুলেট জেনারেল। আগামী ৬ ও ৭ নভেম্বর রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হবে পোলিশ চলচ্চিত্র প্রদর্শনী ও নোবেলজয়ী পোলিশ সাহিত্যিকদের নিয়ে বিশেষ আলোচনা।

প্রথমদিন ৬ নভেম্বর: আন্দ্রেজ ভাইদার ‘আফটারইমেজ’ চলচ্চিত্র প্রদর্শনী প্রথম দিনের আয়োজনে ৬ নভেম্বর সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে বিশ্বখ্যাত পোলিশ চলচ্চিত্র নির্মাতা আন্দ্রেজ ভাইদা (Andryej Wajda) পরিচালিত চলচ্চিত্র ‘আফটারইমেজ’ (Afterimage/Powidoki)। ২০১৬ সালে নির্মিত চলচ্চিত্রটি পোল্যান্ডের বিশিষ্ট চিত্রশিল্পী ভ্লাদিস্লাভ স্ত্রেমিনস্কির জীবন ও শিল্পসাধনার প্রেক্ষাপটে নির্মিত।

চলচ্চিত্রটিতে একজন শিল্পীর সৃজনশীল স্বাধীনতা, ব্যক্তিগত আদর্শ এবং রাজনৈতিক কর্তৃত্বের সঙ্গে শিল্পের জটিল সম্পর্ক তুলে ধরা হয়েছে। এতে অতিথি আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চলচ্চিত্র নির্মাতা ও বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সভাপতি ড. মোহাম্মদ জহিরুল ইসলাম। এ ছাড়া আলোচনায় অংশ নেবেন ইতিহাসবিদ ও শিল্প সমালোচক মোস্তফা আনোয়ার প্রিন্স। তিনি চলচ্চিত্রটির ঐতিহাসিক প্রেক্ষাপট, শিল্পভাবনা এবং পোল্যান্ডের সাংস্কৃতিক ইতিহাসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন।

দ্বিতীয়দিন ৭ নভেম্বর: পোল্যান্ডের নোবেলজয়ী সাহিত্যিকদের নিয়ে বিশেষ আলোচনা অনুষ্টিত হবে। দ্বিতীয় দিনের আয়োজনে ৭ নভেম্বর সকালে থাকবে ‘Literary Talk: Nobel Laureates of Poland’ শীর্ষক সাহিত্য আলোচনা। হেনরিক সিয়েনকিয়েভিচ, ভ্লাদিস্লাভ রেইমন্ট, চেস্লাভ মিউওশ, ভিস্লাভা শিম্বোরস্কা এবং ওলগা তোকারচুকের মতো নোবেলজয়ী সাহিত্যিকদের সৃষ্টিকর্ম পোলিশ সাহিত্যকে আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে।