দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও সংঘাতের ঘটনায় সতর্ক চট্টগ্রামের প্রশাসন। শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলন চট্টগ্রামের শিল্পাঞ্চলেও ছড়িয়ে পড়ার আশঙ্কায় তা মোকাবিলায় এক সঙ্গে বসেছেন পুলিশ, প্রশাসন, বেপজা ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। বুধবার চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) বেপজা কার্যালয়ে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩, চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি), বেপজা, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) এবং জেলা প্রশাসনের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে সম্ভাব্য অসন্তোষ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সতর্ক থাকার ওপর গুরুত্ব দেয়া হয়।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩ চট্টগ্রামের পুলিশ সুপার মাহমুদা বেগম বলেন, শ্রমিকদের বেতন বৃদ্ধি নিয়ে সম্ভাব্য অসন্তোষ মোকাবিলায় সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সব পক্ষকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। সিইপিজেড বেপজার নির্বাহী পরিচালক মো. শরিফুল ইসলাম সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেন। হয়েছে। তবে নতুন কাঠামো চূড়ান্ত হওয়ার আগেই বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ অব্যাহত রয়েছে। সভায় আরও উপস্থিত ছিলেন— সিইপিজেড বেপজার অতিরিক্ত নির্বাহী পরিচালক আশেক মোহাম্মদ শাহদাত, এনএসআইয়ের যুগ্ম পরিচালক নুরুদ্দীন মোহাম্মদ বোরহান, ডিজিএফআইয়ের ডেপুটি ডিরেক্টর মো. শফিকুল ইসলাম, সিএমপি’র বন্দর জোনের উপ-কমিশনার আমিরুল ইসলাম এবং পতেঙ্গার সহকারী কমিশনার (ভূমি) শহীদ ইশরাক।
