চার দফা দাবি আদায়ে সংবাদ সম্মেলন করেছে গাজীপুর বেসরকারি কিন্ডারগার্টেন স্কুল ঐক্য পরিষদ। গতকাল দুপুরে মহানগরীর ইটাহাটা এলাকায় নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য তুলে ধরেন গাজীপুর বেসরকারি কিন্ডারগার্টেন স্কুল ঐক্য পরিষদের আহ্বায়ক মো. শহিদুল ইসলাম মণ্ডল।
সংবাদ সম্মেলনে শিক্ষক নেতৃবৃন্দ শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর কাছে সাংবাদিকদের মাধ্যমে তাদের চার দফা দাবি তুলে ধরে বলেন, পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে যারা ২০২৬ সালের বৃত্তিতে অংশ নেয়ার জন্য রেজিস্ট্রেশন করেছে তাদের সবাইকে সরকারি বৃত্তিতে অংশ নেয়ার সুযোগ দিতে হবে। সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের বৃত্তি বণ্টনে ৮০% ও ২০ ২০% এই বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিল করতে হবে। সহজ, বাস্তব সম্মত, স্বচ্ছ ও হয়রানি প্রক্রিয়ায় কিন্ডারগার্টেনসহ সব বেসরকারি বিদ্যালয়ের পাঠদান অনুমোদন ও নিবন্ধন চাই। টাঙ্গাইল শাহীন ক্যাডেট, গাজীপুর শাহীন ক্যাডেট, শহীদ ক্যাডেটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদিত স্কুল শাখা পরিচালনা ও স্কুল শাখা বাণিজ্য বন্ধের দাবি জানান। আগামী এক সপ্তাহের মধ্যে দাবি না মানলে মানববন্ধনসহ শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা হবে বলেও জানান তারা।
এ সময় টঙ্গী সংগঠনের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম কনক, আব্দুল মতিন, লায়ন শারফুল ইসলাম আকন্দ, মো. ইসমাইল হোসেন, মাইনুল ইসলাম টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।
