বেরোবি শিক্ষার্থীকে মারধর ও ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৩

বেরোবি শিক্ষার্থীকে মারধর ও ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৩

ফন্ট সাইজ:

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মারধর ও ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো— রংপুর নগরীর খামার মোড় এলাকার আব্দুল অজিজের ছেলে মুরাদ হাসান মুহিদ (২৫), দক্ষিণ বাবুখাঁর নুর মোহাম্মদ বাংটুর ছেলে নুর জামাল ইসলাম (২৭), খামার মোড় শান্তিবাগ এলাকার ফারুক মিয়ার ছেলে রতন মিয়া (২৮)। গতকাল দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন মেট্রো পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী।

তিনি জানান, গ্রেপ্তারকৃত মুরাদ হাসানের বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে। নুর জামাল ইসলাম মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক একাধিকবার সাজাপ্রাপ্ত হয়েছে। রতন মিয়ার বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে। তারা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। চুরি-ছিনতাই, মাদক ব্যবসা তাদের পেশা। তিনি বলেন, বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী সুমন হালদারকে লালবাগ এলাকায় ছিনতাইকারীরা প্রায় দুই ঘণ্টা আটকে রেখে মারধর করে টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের বিচারের দাবিতে বুধবার সন্ধ্যার পরে ঢাকা-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও তাজহাট থানার ওসি রফিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের দাবিগুলো মেনে নিয়ে তা বাস্তবায়নের আশ্বাস দেন। পরে প্রায় এক ঘণ্টা পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।