গাজীপুরে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে শিক্ষকের যাবজ্জীবন

ফন্ট সাইজ:

গাজীপুরে এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আনোয়ার হোসেনের যাবজ্জীবন কারাদণ্ডসহ ১ লাখ টাকা জরিমানার রায় দিয়েছেন আদালতের বিচারক। একইসঙ্গে জরিমানা অনাদায়ে আসামির স্থাবর সম্পত্তি বিক্রি করে টাকা ভুক্তভোগী শিশুকে দেয়ার নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার গাজীপুর মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল) এর বিচারক আবু বকর সিদ্দিক এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিল।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৯ সালের ৩১শে আগস্ট গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় ৬ বছরের ওই শিক্ষার্থী বিদ্যালয়ে গেলে অন্য শিক্ষক না থাকায় শিক্ষক মো. আনোয়ার হোসেন খান শিশুটিকে স্কুলের অফিস কক্ষে নিয়ে ধর্ষণ করে। পরে ভুক্তভোগী শিশুর পরিবারের সদস্যরা ২০১৯ সালের ৫ই সেপ্টেম্বর গাছা থানায় মামলা করেন। মামলায় মূল অভিযুক্ত হিসেবে শরীফপুর এলাকার মো. করিম খানের ছেলে ও স্কুলের সহকারী শিক্ষক মো. আনোয়ার হোসেন খান এবং সহযোগিতাকারী অভিযোগে ফরিদা বেগমকে আসামি করা হয়। মামলার তদন্ত কার্যক্রম আদালতে দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালতের বিচারক এ রায় দেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) সেলিনা বেগম। তাকে সহযোগিতা করেন আইনজীবী মহিউদ্দিন ও জাকির কাদের। আদালতের নির্দেশে পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য জারি করা সাজা পরোয়ানা সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে।