নলছিটিতে আওয়ামী লীগ নেতার সঙ্গে ইউএনও, এলাকায় তীব্র ক্ষোভ

নলছিটিতে আওয়ামী লীগ নেতার সঙ্গে ইউএনও, এলাকায় তীব্র ক্ষোভ

ফন্ট সাইজ:

ঝালকাঠির নলছিটিতে একাধিক মামলার এজাহারভুক্ত আসামি ও স্থানীয় আওয়ামী লীগ নেতার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতীক কুমার কুণ্ডুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার উপজেলার বেসরকারি সংস্থা ‘দুমাউস’-এর উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে গাভী বিতরণ উপলক্ষে দুমাউস কার্যালয়ে (অনুষ্ঠানের সভাপতির নিজ বাসভবনে) অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জানা গেছে, নলছিটি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এইচএম আখতারুজ্জামান বাচ্চুর পরিচালনায় পরিচালিত সংস্থাটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন এইচএম আখতারুজ্জামান বাচ্চু নিজেই। আর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতীক কুমার কুণ্ডু।

স্থানীয় সূত্রে জানা যায়, আয়োজক আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান বাচ্চু গত জুলাইয়ের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে হামলা, বিএনপি’র দলীয় গাড়ি ভাঙচুর এবং বিস্ফোরক দ্রব্য আইনের পৃথক দুইটি মামলার এজাহারভুক্ত আসামি। নিষিদ্ধ সংগঠনের চিহ্নিত ও নাশকতা মামলার আসামির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সরকারি প্রশাসনের শীর্ষ কর্মকর্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা নিয়ে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সাধারণ মানুষ ও সচেতন মহলের দাবি, প্রশাসনিক পদে থেকে একজন মামলার আসামির অনুষ্ঠানে অতিথি হওয়া প্রশাসনিক নিরপেক্ষতাকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুণ্ডর মুঠোফোন বক্তব্য জানতে চাইলে তাকে ফোনে পাওয়া যায়নি।