কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন। বৃহস্পতিবার বেলা ১১টায় শ্রমিক ইউনিয়নের কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে বেনাপোল স্থলবন্দরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি তবিবুর রহমান ও সাধারণ সম্পাদক শহীদ আলীর নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়। এ সমাবেশে বক্তব্য রাখেন, বন্দর হ্যান্ডলিং শ্রমিক নেতা তবিবুর রহমান, শহীদ আলী, মাকসুদুর রহমান রিন্টু ও লিটন হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও তার দোসররা দেশকে অস্থিতিশীল পরিস্থিতি ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। রাজধানী ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে গার্মেন্টস শ্রমিকদের উসকে দিচ্ছে। কঠোর হস্তে তাদের দমন করা হবে। গার্মেন্টস শ্রমিকদের প্রতি নিজেদের স্বার্থ ও কর্মপরিবেশের কথা বিবেচনা করে কোনো উস্কানিতে পা না দেয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ। তারা আরও বলেন, শার্শা উপজেলা তথা দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে বন্দর শ্রমিকেরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে। বন্দরের স্বাভাবিক কার্যক্রম ও শ্রমিকদের স্বার্থ রক্ষায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারা।
