মাদারীপুরের রাজৈরে স্বামীর পরকীয়া প্রেমে বাধা দেয়ায় দুই মাসের অন্তঃসত্ত্বা জান্নাতুল ইসলাম মাইসা (২০) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সুজন মুন্সীকে আটক করেছে পুলিশ। গত বুধবার সন্ধ্যায় উপজেলার কবিরাজপুর ইউনিয়নের শ্রীকৃষ্ণদী গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে। নিহত জান্নাতুল পার্শ্ববর্তী গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার হাবিবুর রহমান সেজালের মেয়ে।
অন্যদিকে, অভিযুক্ত স্বামী সুজন রাজৈরের শ্রীকৃষ্ণদী গ্রামের বাসিন্দা এবং প্রবাসী। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই সুজনের পরকীয়া প্রেমের সম্পর্ক নিয়ে সংসারে কলহ শুরু হয়। এ নিয়ে প্রায়ই জান্নাতুলকে নির্যাতন চালাতেন সুজন। এরই জেরে গত বুধবার বিকালে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ ঘরের তীরের সঙ্গে ঝুলিয়ে রাখার চেষ্টা করা হয় বলে অভিযোগ স্বজনদের। পরবর্তীতে সুজন নিজেই তড়িঘড়ি করে মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং নিহতের পরিবারকে আত্মহত্যার সংবাদ দেন।
তবে নিহতের গলায় ও শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখতে পেয়ে পরিবারের সন্দেহ হয়। তারা রাজৈর থানায় খবর দিলে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছে মরদেহটি উদ্ধার করে এবং সুজনকে আটক করে থানায় নিয়ে যায়। নিহতের পরিবার জানিয়েছে, জান্নাতুল দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজৈর থানার ওসি শেখ আমিনুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
