নেতানিয়াহুর বিদায় ঘণ্টা? আইজেনকটকে সমর্থন দিচ্ছে আরব দলগুলো

নেতানিয়াহুর বিদায় ঘণ্টা? আইজেনকটকে সমর্থন দিচ্ছে আরব দলগুলো

ফন্ট সাইজ:

ইসরাইলের বিরোধী নেতা গাদি আইজেনকটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দিতে সমর্থন জানাবে আরব দলগুলোর জোট জয়েন্ট লিস্ট। গত সপ্তাহে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর বৃহস্পতিবার (৫ নভেম্বর) এ ঘোষণা দিয়েছে জোটটি। খবর আল জাজিরার।

এক বিবৃতিতে জয়েন্ট লিস্ট জানায়, তারা বৃহস্পতিবার সন্ধ্যায় দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগকে আনুষ্ঠানিকভাবে জানাবে যে, সরকার গঠনের দায়িত্ব গাদি আইজেনকটকে দেয়ার পক্ষে তারা সুপারিশ করছে।

গত সপ্তাহের সাধারণ নির্বাচনে ইসরাইলের ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে রেকর্ড ১৯টি আসন পেয়েছে আরব নেতৃত্বাধীন দলগুলো। এর ফলে দেশটির পরবর্তী সরকার গঠনে দলগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে।
জয়েন্ট লিস্টের ১১ জন আইনপ্রণেতা আনুষ্ঠানিকভাবে আইজেনকটের পক্ষে সুপারিশ জমা দিলে তার প্রতি সমর্থন জানানো আইনপ্রণেতার সংখ্যা দাঁড়াবে ৬৭। নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা থেকে যা ছয়টি বেশি।

এর আগে আটটি আসন পাওয়া আরব নেতৃত্বাধীন দল রা’আমও আইজেনকটকে সরকার গঠনের দায়িত্ব দেয়ার পক্ষে সুপারিশ করার ঘোষণা দিয়েছে।
অন্যদিকে, নেতানিয়াহুর জোটের আসনসংখ্যা ৫৩ হলেও শেষ পর্যন্ত তার পক্ষে ৫৩ জন আইনপ্রণেতার সমর্থন নাও থাকতে পারে। কারণ, ইউনাইটেড তোরাহ জুডাইজমের সাতটি আসনের মধ্যে চারটি আসনের অধিকারী দল ডেগেল হা তোরাহ জানিয়েছে, তারা কোনো প্রার্থীর পক্ষেই সুপারিশ করবে না।
টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, হারেদি সম্প্রদায়ের পুরুষদের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক যোগদান থেকে অব্যাহতি দেয়ার আইন পাস করতে নেতানিয়াহুর জোট ব্যর্থ হওয়ায় অতি-ধর্মীয় গোষ্ঠীটি তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে।

এদিকে, ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ গত সপ্তাহের পার্লামেন্ট নির্বাচনের চূড়ান্ত ফল অনুমোদন করেছেন। একই সঙ্গে পরবর্তী সরকার গঠনের দায়িত্ব কাকে দেয়া হবে, তা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে পরামর্শ শুরু করেছেন।

গত বুধবার প্রেসিডেন্ট জানান, তিনি রিলিজিয়াস জায়নিস্ট পার্টি, জেহুত, শাস ও ইসরাইল বেইতেনু দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন।
এক্সে দেয়া এক পোস্টে হারজগ বলেন, কোন আইনপ্রণেতাকে সরকার গঠনের দায়িত্ব দেয়া উচিত, সে বিষয়ে দলগুলোর প্রতিনিধিদের সুপারিশ গ্রহণ করেছেন তিনি। বৃহস্পতিবারও এ পরামর্শ প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে জানান প্রেসিডেন্ট।
পরামর্শ প্রক্রিয়া শেষ হলে প্রেসিডেন্ট এমন একজন প্রার্থীকে সরকার গঠনের দায়িত্ব দেবেন, যাকে তিনি জোট সরকার গঠনের জন্য সবচেয়ে উপযুক্ত মনে করবেন। এ ক্ষেত্রে সম্ভাব্য দুই প্রার্থী হলেন নেতানিয়াহু ও আইজেনকট।
দেশটির প্রেসিডেন্টের হাতে সিদ্ধান্ত জানানোর জন্য কয়েক দিন সময় রয়েছে। এরপর মনোনীত প্রার্থী সরকার গঠনের জন্য ২৮ দিন সময় পাবেন। প্রয়োজনে আরও ১৪ দিন সময় বাড়ানো হতে পারে।

তবে নেতানিয়াহু কিংবা আইজেনকট—কেউই সরকার গঠনে সফল না হলে আগামী বছরের শুরুর দিকে ইসরাইলে আবারও সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।