পিৎজায় আনারস দিতে অস্বীকৃতি: চাকরি হারালেন ইতালীয় শেফ

পিৎজায় আনারস দিতে অস্বীকৃতি: চাকরি হারালেন ইতালীয় শেফ

ফন্ট সাইজ:

অস্ট্রেলিয়ার ব্রিসবেনের একটি ইতালীয় রেস্তোরাঁর প্রধান শেফ দাভিদে তাম্বুরেলা। সম্প্রতি তিনি পিৎজায় আনারস দেয়া নিজের সংস্কৃতির জন্য অপমানজনক বলে দাবি করে চাকরি হারিয়েছেন। ব্রিসবেনের অধুনালুপ্ত ‘লা কস্তা’ নামের রেস্তোরাঁ থেকে মে মাসে তাকে বরখাস্ত করা হয়। একটি আয়োজনে অতিথিদের জন্য হ্যাম ও আনারস দেয়া পিৎজা প্রস্তুত করতে অস্বীকৃতি জানান তাম্বুরেলা। তিনি বলেন, তার সংস্কৃতির জন্য অবমাননাকর এমন কোনো নির্দেশ মানার বাধ্যবাধকতা নেই।

অন্যায্যভাবে বরখাস্তের অভিযোগ এনে তাম্বুরেলা অস্ট্রেলিয়ার ফেয়ার ওয়ার্ক কমিশনে মামলা করলে এই ঘটনা প্রকাশ্যে আসে। কমিশনের দেয়া রায়ে বলা হয়, একজন ইতালীয় নাগরিক হিসেবে পিৎজায় আনারসের ব্যবহারকে তিনি নিজের সংস্কৃতির ওপর সরাসরি আঘাত হিসেবে বিবেচনা করেছিলেন। এছাড়া গত চার বছরে এটি ছিল তার এমন তৃতীয় ঘটনা। রেস্তোরাঁটি যে কুইন্সল্যান্ড রাজ্যে অবস্থিত, সেটিকে অস্ট্রেলিয়ার আনারসের প্রধান কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়।

তবে শুধু পিৎজার টপিং ছাড়াও কর্মক্ষেত্রে তার বিরুদ্ধে কটু ভাষা ব্যবহার, ত্রুটিপূর্ণ যোগাযোগ রীতি এবং ক্ষোভ প্রকাশের মতো বিভিন্ন অভিযোগ ছিল। এপ্রিল মাসে ক্ষুব্ধ হয়ে মেটাল হ্যান্ডরেইলে আঘাত করে তিনি নিজের ডান হাতের হাড় ভেঙেছিলেন। স্থায়ীভাবে বসবাসের জন্য যে ভিসা স্পনসরশিপের ওপর তাম্বুরেলা নির্ভর করছিলেন, চাকরি হারানোর ফলে রেস্তোরাঁ কর্তৃপক্ষ সেই প্রক্রিয়াটিও বাতিল করে দেয়। পরবর্তীতে দেরিতে আবেদন করার কারণে অন্যায্য বরখাস্তের মামলাটি আদালত খারিজ করে দেয়। বর্তমানে তিনি ব্রিসবেনের অন্য একটি রেস্তোরাঁয় কাজ করছেন, যেখানে মেন্যুতে আনারসের কোনো ব্যবহার নেই।