রাজধানীর পোস্তগোলায় ট্রাকচাপায় দুই অটোরিকশাচালক নিহত হয়েছেন। এতে সিএনজিচালিত অটোরিকশার আরেক চালক আহত হয়েছেন।
বুধবার দিবাগত রাত ৩টার দিকে পোস্তগোলা সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার রসুলপুরের জাকির হোসেন (৫৫) ও পটুয়াখালী সদর উপজেলার জাহাঙ্গীর পোদ্দার (৫০)। আহত সুভাষ চন্দ্রের (৩৬) বাড়ি চাঁদপুরের মতলব উপজেলায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রাকটি হঠাৎ রাস্তা ছেড়ে পাশের চায়ের দোকানে উঠে যায়। এতে চার-পাঁচটি অস্থায়ী দোকান পুরোপুরি গুঁড়িয়ে যায়।
জাকিরের ছেলে মোহাম্মদ মাহিন হোসেন গণমাধ্যমকে বলেন, ‘আমার বাবা পোস্তগোলা সেতুর নিচে একটি দোকানে চা খাচ্ছিলেন। সেখানে আরও কয়েকজন ছিলেন। হঠাৎ একটি বড় ট্রাক তাদের ওপর উঠে যায়।’
চিকিৎসকদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, ‘মরদেহগুলো মর্গে রাখা হয়েছে। কদমতলী থানা পুলিশ বিষয়টি তদন্ত করছে।’
