সুপারির চারা রোপণ নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় বাবা নিহত, আহত ছেলে

ফন্ট সাইজ:

নড়াইলের লোহাগড়ায় সুপারির চারা রোপণ করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় হাসানুর শেখ (৫২) নামে একজন নিহত হয়েছেন। এ সময় নিহতের ছেলে হাসিবুল শেখ (২০) গুরুতর আহত হয়েছেন। বুধবার সকাল ৬টার দিকে লোহাগড়া উপজেলার বয়রা গ্রামে এ হামলা ও খুনের ঘটনা ঘটে। নিহত হাসানুর লোহাগড়া উপজেলার বয়রা গ্রামের আব্দুস সাত্তার শেখের ছেলে। পুলিশ ও হাসানুরের পরিবার সূত্রে জানা গেছে, হাসানুর ও তার পরিবারের লোকজন গত মঙ্গলবার বাড়ির পাশে সুপারির চারা রোপণ করেন।

বুধবার ভোর সকালে হাসানুর শেখের স্ত্রী সাহেরা বেগম (৪৫) রোপণকৃত গাছের চারায় পানি দিচ্ছিলেন। এ সময় হাসানুরের স্ত্রীকে প্রতিবেশী মামুন শেখসহ তার পরিবারের সদস্যরা গালমন্দ করেন। মামুনদের দাবি- হাসানুর সুপারির চারা রোপণ করেছেন তাদের জমি ঘেঁষে। পরে হাসানুর ও তার ছেলে এ ঘটনার প্রতিবাদ করতে গেলে মামুনসহ তার পরিবারের সদস্যরা তাদেরকে পূর্ব পরিকল্পিতভাবে ভেলা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেন। এতে হাসানুর ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হয় হাসিবুল। ঘটনার পর হামলাকারীরা পালিয়ে যায়। লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।