বাংলাদেশকে ফেভারিট মানছেন লঙ্কান কোচ, প্রশংসায় ভাসালেন প্রবাসী ফারহানকে

সাফ চ্যাম্পিয়নশিপ

বাংলাদেশকে ফেভারিট মানছেন লঙ্কান কোচ, প্রশংসায় ভাসালেন প্রবাসী ফারহানকে

ফন্ট সাইজ:

​আট বছর পর বাংলাদেশের মাটিতে পর্দা উঠতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসরকে সামনে রেখে স্বাগতিকদের ফেভারিট হিসেবে দেখছেন শ্রীলঙ্কা ফুটবল দলের কোচ আব্দুল্লাহ আল মুতাইরি। ঘরের মাঠে খেলার সুবিধার পাশাপাশি বাংলাদেশ দলে থাকা প্রবাসী ও ইউরোপীয় ধাঁচের ফুটবলারদের প্রশংসা করেন তিনি। বিশেষ করে প্রবাসী ফুটবলার ফারহান আলী ওয়াহিদকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে লঙ্কান কোচ জানান, আগামী ১০ বছরে সুযোগ পেলে ফারহান পুরো দক্ষিণ এশিয়ার সেরা খেলোয়াড় হয়ে উঠতে পারেন।


আব্দুল্লাহ বলেন, ‘বাংলাদেশই ফেভারিট, তাদের হোম অ্যাডভান্টেজ রয়েছে। এখানে আমার পছন্দের খেলোয়াড় হল ফারহান। আমার বিশ্বাস, আগামী ১০ বছরের মধ্যে যদি সে খেলার সুযোগ পায়, সে পুরো সাউথ এশিয়ার সেরা খেলোয়াড় হয়ে উঠবে। এছাড়া আরও খুব ভালো খেলোয়াড় রয়েছে। এই দলটি গত চার-পাঁচমাস ধরে একসাথে কাজ করছে। আমার খেলোয়াড় ও দলীয় কাঠামোর খেলোয়াড়দের স্পষ্ট নির্দেশনা দিয়েছি, বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে ফারহানের জার্সিটি কেউ চাইতে পারবে না। যদি কোন খেলোয়াড় তা নেয়ার চেষ্টা করে, তবে তাকে একবছরের জন্য সাসপেন্ড করব। ফারহানের জার্সি বা হামজা চৌধুরীর জার্সি নিয়ে তারা সাফে লড়াই করতে পারে।’

আগামী ১১ নভেম্বর রাত আটটায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে বুধবার ভারতের মুখোমুখি হবে পাকিস্তান, আর দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ।​