উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে ইতালিয়ান ক্লাব রোমার বিপক্ষে দুই গোলে পিছিয়ে থেকেও দুর্দান্ত কামব্যাক করে নাটকীয় জয় তুলে নেয় ম্যানচেস্টার ইউনাইটেড। এছাড়া অ্যাটলেতিকো মাদ্রিদের দুর্গ থেকে জয় নিয়ে ফেরে বায়ার্ন মিউনিখ। আর নিজেদের ম্যাচে বড় জয় তুলে নেয় ইউরোপের জায়ান্ট বার্সেলোনা ও বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি।
রোমাকে হারিয়ে ম্যান ইউর নাটকীয় জয়
ঘরের মাঠে প্রথমার্ধে নিজেদের চেনা রূপে খুঁজেই পাওয়া যায়নি ম্যানচেস্টার ইউনাইটেডকে। ম্যাচের মাত্র ১১ মিনিটে মাতিয়াস সুলের গোলে এগিয়ে যায় রোমা। এর ছয় মিনিট পর সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করে দনিয়েল মালেন। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় মাইকেল ক্যারিকের দল। বিরতির ১২ মিনিট পর পেনাল্টি থেকে ব্যবধান কমায় অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ। এরপর ৮৩ ও ৮৬ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাতেউস কুনহা জোড়া গোল করে ৩-২ ব্যবধানের দারুণ এক জয় নিশ্চিত করে রেড ডেভিলরা।
গোল উদযাপনে জার্সি খুলে হলুদ কার্ড দেখা কুনহা পরে যোগ করা সময়ের প্রথম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় ইউনাইটেড। শেষ পর্যন্ত রক্ষা পায় জয়। চলতি আসরে ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে উঠে আসে ম্যান ইউ, আর ১৯ নম্বরে থাকা রোমার পয়েন্ট ৪।
অ্যাটলেতিকোর মাঠে বায়ার্নের জয়
হ্যারি কেইন নিজের ছায়ায় থেকেও দুই তরুণ মিডফিল্ডারের নৈপুণ্যে অ্যাটলেতিকো মাদ্রিদের মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফেরে বায়ার্ন মিউনিখ। ম্যাচের দ্বিতীয়ার্ধে ৫৪ ও ৭৪ মিনিটে জার্মান চ্যাম্পিয়নদের হয়ে গোল দুটি করে লেনার্ট কার্ল ও কনরাড লাইমের। এই জয়ে ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের আট নম্বরে অবস্থান করে বায়ার্ন। আসরে দ্বিতীয় হারের পর ৪ পয়েন্ট নিয়ে ২২ নম্বরে নেমে যায় অ্যাটলেতিকো।
ভিলাকে উড়িয়ে বার্সার ঘুরে দাঁড়ানো
আগের রাউন্ডে পিএসজির মাঠে হেরে যাওয়া বার্সেলোনা ঘরের মাঠে ক্যাম্প ন্যুয়ে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে জয়ে ফেরে। এই জয়ে টেবিলের নবম থেকে সরাসরি দ্বিতীয় স্থানে উঠে আসে কাতালানরা (৯ পয়েন্ট)। ভিলার পয়েন্টও সমান ৯। ম্যাচের ষষ্ঠ মিনিটে গোল করে কিলিয়ান এমবাপ্পেকে ছাড়িয়ে ২০ বছর বয়সের নিচে চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড (১৪টি) নিজের করে নেয় লামিন ইয়ামাল। এছাড়া দ্বিতীয়ার্ধে ৫২ ও ৬৪ মিনিটে জোড়া গোল করে দলের সহজ জয় নিশ্চিত করে দলীয় অধিনায়ক রাফিনিয়া।
ভিয়ারিয়ালকে গোলবন্যায় ভাসিয়ে পিএসজির রেকর্ড
প্রতিপক্ষের মাঠে ভিয়ারিয়ালকে পাত্তাই দেয়নি বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। লুইস এনরিকের দল জয় পায় ৬-০ গোলের বিশাল ব্যবধানে। চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করে ফরাসি ক্লাবটি। এই ম্যাচে মাত্র ১৬ মিনিট দুই সেকেন্ডের মধ্যে চার গোল করে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে দ্রুততম সময়ে চার গোল করার অনন্য এক রেকর্ড গড়ে পিএসজি। ম্যাচে ফাবিয়া রুইসের জোড়া গোলের পাশাপাশি জালের দেখা পায় জুয়াও নেভ্স, দেজিরে দুয়ে, সেনি মায়ুলু ও ডেভিড বুলি। এই দাপুটে জয়ে চলতি আসরের প্রথম চার রাউন্ডের প্রতিটিতেই অন্তত চারটি করে গোল করার অবিশ্বাস্য রেকর্ড ধরে রাখে পিএসজি। পাশাপাশি ইউরোপীয় মঞ্চে টানা ১৪ ম্যাচ (৯ জয় ও ৪ ড্র) অপরাজিত থেকে চ্যাম্পিয়ন্স লিগ বা ইউরোপিয়ান কাপের ইতিহাসে ফরাসি ক্লাব লিওঁর গড়া টানা সর্বাধিক ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডও ছুঁয়ে ফেলে পিএসজি।
উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ
ম্যানইউর নাটকীয় কামব্যাক, বায়ার্ন-বার্সা ও পিএসজির বড় জয়
স্পোর্টস ডেস্ক
খেলা
১ ঘন্টা আগে
৪ নভেম্বর (বুধবার), ২০২৬, ৩ঃ৪৭ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
