দীর্ঘ ২৩ বছরের শিরোপা খরা ঘুচিয়ে ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি উঁচিয়ে ধরতে আত্মবিশ্বাসী বাংলাদেশ জাতীয় ফুটবল দল। পল্টনের জাতীয় স্টেডিয়ামে শুরু হতে যাওয়া সাফের ১৫তম আসরকে সামনে রেখে কোচ থমাস ডুলির কণ্ঠে স্পষ্ট শোনা গেল শিরোপা জয়ের হুংকার। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশ কোচ সাফ ট্রফি ঘরে তোলার লক্ষ্যকে ‘সম্পূর্ণ বাস্তবসম্মত’ বলে অভিহিত করেছেন।
২০০৩ সালে এই পল্টনেই সাফের সোনালী ট্রফি জিতেছিল বাংলাদেশ। এরপর ২০০৫ সালে ফাইনালে উঠলেও শিরোপা জেতা হয়নি। ঘরের মাঠে সেই পুরোনো আক্ষেপ মেটানোর দারুণ সুযোগ এবার লাল-সবুজের সামনে। দীর্ঘ দুই যুগের চাপ ও প্রত্যাশা প্রসঙ্গে থমাস ডুলি আত্মবিশ্বাসী সুরে বলেন, ‘জীবনের সব লক্ষ্যই বাস্তবসম্মত হতে হবে, এবং এই টুর্নামেন্টে আমাদের জয় পাওয়াটা বাস্তবসম্মত। গত ২৩ বছরের চাপ আসলে বর্তমানের চেয়ে অনেক বেশি ছিল। এখন আমাদের ভালো করার মতো আত্মবিশ্বাস আছে।’
দলের সামর্থ্যের ওপর পূর্ণ আস্থা রেখে কোচ আরও যোগ করেন, ‘কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস এবং শেষ মিনিট পর্যন্ত লড়াই করার মাধ্যমেই এটা সম্ভব। আমরা এ বছর ট্রফিটা জিততে চাই এবং মাঠে তা প্রমাণ করতে চাই।’
টুর্নামেন্টের আগে ফিফা উইন্ডোতে পর্যাপ্ত প্রীতি ম্যাচ না খেলা এবং দলের ইনজুরি সমস্যা নিয়ে ডুলি পরিষ্কার করেন, ‘মূল আসরের আগে পর্যাপ্ত প্রীতি ম্যাচ না পাওয়ার পেছনে আমাদের কিছু ইনজুরি সমস্যা ছিল। তপুসহ বেশ ক'জন খেলোয়াড় পুরোপুরি ফিট না থাকায় আমরা কোনো ঝুঁকি নিতে চাইনি। তবে আমি আমাদের খেলোয়াড়দের শতভাগ বিশ্বাস করি। যদি আমরা মাঠে নিজেদের সেরাটা দিয়ে ১১ বনাম ১১ লড়তে পারি, তবে আমাদের জেতার বাস্তবসম্মত সুযোগ রয়েছে।’
আগামীকাল উদ্বোধনী ম্যাচে ভুটানের মুখোমুখি হয়ে নিজেদের সাফ মিশন শুরু করবে স্বাগতিক বাংলাদেশ। এরপর গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে তারা।
সাফ চ্যাম্পিয়নশিপ
২৩ বছরের খরা ঘোঁচাতে আমরা প্রস্তুত বললেন ডুলি
স্পোর্টস রিপোর্টার
খেলা
২ ঘন্টা আগে
৪ নভেম্বর (বুধবার), ২০২৬, ৩ঃ২৮ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
