ঢাকা-গাজীপুর সড়ক অবরোধের চেষ্টা পোশাকশ্রমিকদের, পুলিশের টিয়ারশেল নিক্ষেপে ছত্রভঙ্গ, আটক ২

ঢাকা-গাজীপুর সড়ক অবরোধের চেষ্টা পোশাকশ্রমিকদের, পুলিশের টিয়ারশেল নিক্ষেপে ছত্রভঙ্গ, আটক ২

ফন্ট সাইজ:

 ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকাসহ বিভিন্ন দাবিতে আজও গাজীপুরে সড়ক অবরোধের চেষ্টা করেছে পোশাকশ্রমিকেরা। বুধবার সকালে নলজানি এলাকায় অবরোধের চেষ্টা করলে টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ। এ সময় ২ জনকে আটক করা হয়।

এদিনে সকাল থেকে খুলে দেওয়া হয়েছে প্রায় সব কারখানা। তবে এলাকার কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জনায়, ঢাকা-গাজীপুর সড়কের নলজানি এলাকায় ময়লা আবর্জনা ফেলে তাতে আগুন ধরিয়ে অবরোধের চেষ্টা করে পোশাক কারখানা শ্রমিকেরা। আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যরা টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় দু’জনকে আটক করা হয়।

সকাল থেকে গাজীপুরের বেশির ভাগ শিল্পপ্রতিষ্ঠান খোলা হয়েছে। এতে কর্মস্থলে যোগ দিয়েছেন শ্রমিকেরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানা এলাকায় ও মহাসড়কের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে।

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, গাজীপুরের বেশির ভাগ শিল্পপ্রতিষ্ঠান খুলে দিয়েছে মালিক পক্ষ। সকাল থেকে শ্রমিকেরা কাজে ফিরেছেন।

গাজীপুর জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, ‘গাজীপুরে চলমান শ্রমিক আন্দোলনে সহিংসতা রোধে পুলিশ, আনসার, এসআরবি সদস্যদের পাশাপাশি ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসনের ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এখন পর্যন্ত শিল্পাঞ্চলের পরিবেশ স্বাভাবিক রয়েছে।’