মিশিগানের সিনেট নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থী আবদুল আল-সায়েদকে সমর্থনকারী যেকোনো কৃষ্ণাঙ্গ বা ইহুদি ব্যক্তিকে ‘পাগল’ বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এ নিয়ে তার তীব্র সমালোচনা করেছেন ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে ভোট দেয়া গ্যারি কলবার্ট। আল জাজিরাকে গ্যারি কলবার্ট বলেন, সবাই মোটামুটি জানে, প্রকৃত পাগল তিনি (ট্রাম্প)। তিনি যা খুশি তাই বলেন। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন কলবার্ট।
তিনি আরও বলেন, ট্রাম্প ও তার ‘অনুসারীরা’ মানুষের জীবনকে নেতিবাচকভাবে প্রভাবিত করছেন, ‘কিন্তু তারা এসব নিয়ে পরোয়া করেন না।’ তার স্ত্রী শার্লি কলবার্ট বলেন, জীবনযাত্রার ব্যয়সংকট মোকাবিলায় কিছু পরিবর্তন আনা প্রয়োজন। শার্লি বলেন, আমি ডেমোক্রেট প্রার্থীকে ভোট দিচ্ছি। রিপাবলিকানদের ভোট দেব না, কারণ এই মুহূর্তে আমাদের ক্ষমতায় তাদের একজন রয়েছেন। আর আমরা দেখতে পাচ্ছি, শুধু মিশিগানেই নয়, পুরো যুক্তরাষ্ট্রে কী ঘটছে।
