নাটোরের এমপি আজিজ কাণ্ডে জেলা বিএনপিতে ক্ষোভ

নাটোরের এমপি আজিজ কাণ্ডে জেলা বিএনপিতে ক্ষোভ

ফন্ট সাইজ:

নাটোর-৪ আসনের সংসদ সদস্য আবদুল আজিজের অশ্লীল ভিডিও ভাইরাল হওয়ার ঘটনা এবং গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম হত্যাকাণ্ডের বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি’র একাংশের নেতাকর্মীরা। এ সময় এমপি আবদুল আজিজের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের সুপারিশসংবলিত জেলা বিএনপি’র সিদ্ধান্ত কেন্দ্রীয় কমিটিতে না পাঠানোয় ক্ষোভ প্রকাশ করেন নেতারা।

মঙ্গলবার বিকালে নাটোরের হরিশপুরে জেলা বিএনপি’র কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি’র সদস্য সচিব আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে এতে দলের কয়েকজন জ্যেষ্ঠ আহ্বায়ক ও নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান আসাদ বলেন, গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ নাটোর-৪ আসনের সংসদ সদস্য আবদুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার করে। পরবর্তীতে এ ঘটনায় আরও দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করে পুলিশ।

তিনি আরও বলেন, পরবর্তী সময়ে সংসদ সদস্য আবদুল আজিজের অশ্লীল ভিডিও ভাইরাল হওয়ার ঘটনাকে কেন্দ্র করে গত ৩০শে অক্টোবর জেলা বিএনপি জরুরি সভা আহ্বান করে। ওই সভায় জেলা বিএনপি’র ৩৬ সদস্যের মধ্যে ২৩ জন উপস্থিত ছিলেন। সভায় এমপি আবদুল আজিজের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রীয় বিএনপি’র কাছে সিদ্ধান্ত পাঠানোর বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়।

কিন্তু জেলা বিএনপি’র আহ্বায়ক ওই সভার রেজ্যুলেশন এখন পর্যন্ত কেন্দ্রে পাঠাননি বলে অভিযোগ করেন আসাদুজ্জামান আসাদ। কেন রেজ্যুলেশনটি কেন্দ্রে পাঠানো হয়নি, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জেলা বিএনপি’র আহ্বায়ক কোনো উত্তর দিতে রাজি হননি বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলনে নেতারা শাকিল ইসলাম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একই সঙ্গে এমপি আবদুল আজিজের বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের বিষয়টি দ্রুত কেন্দ্রীয় বিএনপি’র কাছে উপস্থাপনের দাবি জানান তারা। এ সময় জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল, চৌধুরী মিজানুল হকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।