চাঁদপুরে পিতা-মাতাকে ভরণপোষণ না দিয়ে গালমন্দ, মারধর এবং প্রাণনাশের হুমকির অভিযোগে ছেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং পুত্রবধূর বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।
মঙ্গলবার দুপুরে চাঁদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমানের আদালত এ সংক্রান্ত অভিযোগ আমলে নিয়ে এ আদেশ দেন। মামলার বাদী আমেনা বেগম (৫৫) চাঁদপুর শহরের ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা আব্দুর রহমান খানের স্ত্রী। মামলায় তার ছেলে আবদুল্লাহ আল নোমান (৩৫) ও পুত্রবধূ সুমি বেগম (২৭)কে আসামি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী মো. আব্দুর রাহীম (রুবেল)। মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি আবদুল্লাহ আল নোমান মাদকাসক্ত। তার বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মাদক, চুরি ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা চলমান রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মামলায় আরও বলা হয়, বাদী আমেনা বেগম ও তার স্বামী আব্দুর রহমান দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অসুস্থতায় ভুগছেন। এ অবস্থায় ছেলে নোমান ও তার স্ত্রী সুমি বেগম তাদের ভরণপোষণ না দিয়ে নিয়মিত গালমন্দ ও মারধর করে আসছে। তাদের নির্যাতন ও অত্যাচারের কারণে নিজ বাড়িতেও বসবাস করতে পারছিলেন না তারা। এ পরিস্থিতিতে প্রতিকার চেয়ে আদালতের দ্বারস্থ হন আমেনা বেগম।
এদিকে আদালত মামলাটি আমলে নিয়ে আদেশ দেয়ার পর পুলিশ বাদী তাকে ও তার স্বামীকে শহরের ব্যাংক কলোনিতে তাদের নিজ বাড়ির বসবাসের ঘর বুঝিয়ে দেয়।
