আমতলীতে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার পলাতক জামাতা

আমতলীতে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার পলাতক জামাতা

ফন্ট সাইজ:

বরগুনার আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের জামাতা মো. সবুজ মৃধা পালিয়ে গেছে বলে জানায় পুলিশ। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চুনাখালী এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলো, মোসা. কহিনুর (৪০) ও তার স্বামী মো. সেলিম প্যাদা (৫৫)। পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয়দের উপস্থিতিতে কহিনুরকে তল্লাশি করে তার পরনের কাপড়ের ভেতর থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে বাড়ির রান্নাঘর থেকে আরও ৪ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজার মূল্য ১৪ লাখ ১০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া ইয়াবা বহন ও মোড়কজাতকরণে ব্যবহৃত ব্যাগ, স্কচটেপ ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। ডিবি পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে পলাতক সবুজ বিভিন্ন স্থান থেকে পাইকারি দামে ইয়াবা সংগ্রহ করে শ্বশুরবাড়িতে রাখতো। পরে এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করতো। আমতলী থানার ওসি ইয়াকুব হোসাইন জানান, এ ঘটনায় গ্রেপ্তার দু’জন ও পলাতক সবুজ মৃধার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।