সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে সরকার নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দিচ্ছে না। যা হয়েছে সব ফ্যাসিস্টের আমলে হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার সকালে মাদারীপুরের কালকিনি উপজেলার বেশক’টি প্রাইভেট ক্লিনিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো জেলা প্রশাসন, সিভিল সার্জনের নেতৃত্ব পরিদর্শন শেষে অনিয়ম পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হচ্ছে। একসঙ্গে এগুলো বন্ধ করা যাবে না। পর্যায়ক্রমে ব্যবস্থা নেয়া হবে। এর আগে সকালে সাড়ে ৮টার দিকে হঠাৎ মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন মন্ত্রী। হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রোগীদের সুযোগ-সুবিধার খোঁজ নিতে তিনি পরিদর্শন করেন বলে জানান। এ সময় মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসার খোঁজখবর নেন। এছাড়া চিকিৎসাসেবার মান, ওষুধের প্রাপ্যতা, চিকিৎসক সংকটসহ হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়েও খোঁজ নেন তিনি। পাশাপাশি সরকারি নিয়ম মেনে নির্ধারিত সময়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের যথাসময়ে হাসপাতালে আসতে কঠোর বার্তা দেন। এ সময় রোগীদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক খন্দকার মাশুকুর রহমান, কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাশ, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অনেকেই উপস্থিত ছিলেন।
কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী
মাদারীপুর প্রতিনিধি
৪ নভেম্বর (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
