ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

ফন্ট সাইজ:

ফরিদপুররের ভাঙ্গা-ঢাকা হাইওয়ের এক্সপ্রেসওয়েতে দু’টি মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজনসহ ৩ জন নিহত হয়েছেন। গত সোমবার সন্ধ্যায় ঢাকা-খুলনা-গোপালগঞ্জ মহাসড়কের ভাঙ্গা মডেল মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ভাঙ্গা পৌরসভার দুলাল কাজীর ছেলে ইজাজুল কাজী (২০) ও পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার শাহাদত সরকারের ছেলে সোহান হোসেন স্বাধীন (২০)। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে রাজন (২১) নামে আরও একজনের মৃত্যু হয়। রাজন ভাঙ্গা পৌরসভার ভারইডাঙ্গা গ্রামের সওকত হোসেনের ছেলে। পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দ্রুতগামী দু’টি মোটরসাইকেল ইন্টারচেঞ্জ এরিয়ার খুলনাগামী লেন অতিক্রম করছিল। এ সময় বেপরোয়াগতির কারণে মডেল মসজিদের সামনে আসতেই একটি মোটরসাইকেল সামনে থাকা আরেকটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল দু’টি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই দু’জন নিহত হন এবং অপর দুই আরোহী আহত হয়। পরবর্তীতে রাতে চিকিৎসাধীন অবস্থায় রাজন নামে এক যুবকের মৃত্যু হয়।


ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নেয়া হয়।