গোলাপগঞ্জে বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

ফন্ট সাইজ:

গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার একমাত্র আসামিকে নরসিংদী থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯ ও এসআরবি-১১-এর যৌথ অভিযানিক দল। মঙ্গলবার এসআরবি-৯-এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃত আসামির নাম জাহিদুল ইসলাম (২২)। তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কালিকৃষ্ণপুর এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রায় এক বছর আগে ভুক্তভোগী (২৪) নারীর সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে জাহিদুল ইসলামের পরিচয় হয়।

একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই মধ্যে আসামি বিবাহিত হওয়া সত্ত্বেও বিষয়টি গোপন রেখে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে ভুক্তভোগী বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে আসামি বিয়ে করতে অস্বীকৃতি জানান। এ ঘটনায় ভুক্তভোগী সিলেটের গোলাপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা শুরু করে এসআরবি-৯। এরই ধারাবাহিকতায় গত ২রা নভেম্বর সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে এসআরবি-৯, সদর কোম্পানি সিলেট এবং এসআরবি-১১, সিপিসি নরসিংদীর একটি যৌথ অভিযানিক দল নরসিংদী জেলার মনোহরদী থানাধীন মনোহরদী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মামলার একমাত্র আসামি জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।