নিখোঁজের পরদিন ক্লিনিক চত্বর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

নওগাঁর মান্দায় নিখোঁজ হওয়ার একদিন পর ময়না রানী দাস (৪৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে উপজেলার হাসপাতাল মোড়সংলগ্ন মুক্তিযোদ্ধা ক্লিনিকের চত্বর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ময়না নিয়ামতপুর উপজেলার তিলহারী গ্রামের অনিল চন্দ্র দাসের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়না গত দুই বছর ধরে বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। গত সোমবার দুপুর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরবর্তীতে মঙ্গলবার সকালে পুলিশের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যরা তার মরদেহ শনাক্ত করেন। ঘটনার খবর পেয়ে রাজশাহী থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন আলামত সংগ্রহ করে।
মান্দা থানার ওসি আফজাল হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।