দিরাইয়ে অগ্নিকাণ্ডে ১৩ কৃষকের বসতঘর পুড়ে ছাই

ফন্ট সাইজ:

সুনামগঞ্জের দিরাই উপজেলায় গ্যাসের চুলা থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ কৃষকের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গত সোমবার রাত ৭টার দিকে উপজেলার সরমঙ্গল ইউনিয়নের জারলিয়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ঘরবাড়ির পাশাপাশি ধান-চাল, বীজধান, সার-কীটনাশক, আসবাবপত্র ও নগদ টাকাসহ মূল্যবান সবকিছু হারিয়ে পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের গৌরাঙ্গ দাসের রান্নাঘরের গ্যাসের চুলা থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে গ্রামের ১৩ জন কৃষকের বসতঘর ও ঘরে থাকা ধান-চাল, বীজধান, সার-কীটনাশক, আসবাবপত্র এবং নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে কালী দাস, সোমলাল দাস, জিনেশ দাস, গৌরমোহন দাস, রামাকান্ত দাস, সুবল দাস, খুশিলাল দাসসহ অনেকে ক্ষতিগ্রস্ত হন।

স্থানীয়রা জানান, যোগাযোগ ব্যবস্থা অনুন্নত হওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি। পরে স্থানীয়রা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। সরমঙ্গল ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জীব সরকার। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়ে বলেন, তাদের পুনর্বাসনে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘরবাড়ি ও জীবিকার অবলম্বন হারিয়ে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় কৃষকরা। দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন তারা।