কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ৩৮৫

ফন্ট সাইজ:

কুমিল্লা জেলায় শিল্পকারখানার শ্রমিকদের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টির উস্কানিদাতা, নিষিদ্ধ সংগঠনের সদস্য, কিশোর গ্যাং, মাদক কারবারি, ছিনতাইকারী ও বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ। সোমবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে পরিচালিত এ অভিযানে ৩৮৫ জনকে আটক করা হয়। মঙ্গলবার জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান (পিপিএম)-এর নির্দেশনায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, শিল্পকারখানার শ্রমিকদের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টির উস্কানি দেয়ার অভিযোগে মাসুদ রানা (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্টের মাধ্যমে তিনি শ্রমিকদের আন্দোলনে উস্কানি দিচ্ছিলেন বলে পুলিশের দাবি। জেলা পুলিশের তথ্যমতে, অভিযানে কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন থানা এলাকার অপরাধপ্রবণ স্থানগুলোকে অগ্রাধিকার দেয়া হয়।

বিশেষ করে কিশোর অপরাধ ও বখাটেদের উৎপাত রয়েছে এমন এলাকাগুলোতে অভিযান চালানো হয়, যেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন। অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, ছিনতাইকারী, নিষিদ্ধ সংগঠনের সদস্য, কিশোর গ্যাংয়ের সদস্য এবং বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৩৮৫ জনকে আটক করা হয়েছে।

কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, উঠতি বয়সী কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে তাদের পড়ালেখায় ফিরিয়ে আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। একটি নিরাপদ নগরী ও অপরাধমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানের নামে যেন কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার না হন, সে বিষয়েও পুলিশের কঠোর নজরদারি রয়েছে।