নাহিদার অধিনায়কত্বে নতুন শুরু

নাহিদার অধিনায়কত্বে নতুন শুরু

ফন্ট সাইজ:

চার বছর বাংলাদেশ নারী দলের নেতৃত্ব দিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। তবে এশিয়া কাপ ও এশিয়ান গেমসের মাঝপথে টি-টোয়েন্টি সংস্করণের নেতৃত্ব ছেড়ে দেন তিনি। তার জায়গায় অধিনায়কত্বের দায়িত্ব পান বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। এবার নতুন দায়িত্বে আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্বের অভিষেক হতে যাচ্ছে তার। আইসিসি উইমেন্স ইমার্জিং নেশন্স ট্রফি দিয়ে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করবেন নাহিদা। আগামী ১২ই নভেম্বর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ নারী দলের অধিনায়ক হিসেবে অভিষেক হবে তার। সংযুক্ত আরব আমিরাতের আজমানে অনুষ্ঠেয় ১০ দলের এই প্রতিযোগিতার জন্য গতকাল ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন সাথি রানি, জান্নাতুল ফেরদৌস ও দিশা বিশ্বাস।

তবে সর্বশেষ এশিয়ান গেমসে খেলা সুলতানা খাতুন ও শারমিন আক্তার বাদ পড়েছেন। চোটের কারণে দলে নেই পেসার মারুফা আক্তারও। আগামী ১০ই নভেম্বর আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। এবারের প্রতিযোগিতায় ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান, নেদারল্যান্ডস, জিম্বাবুয়ে ও বর্তমান চ্যাম্পিয়ন থাইল্যান্ড। ১২ই নভেম্বর পাকিস্তানের বিপক্ষে উদ্বোধনী ম্যাচের পর ১৩ই নভেম্বর জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১৬ই নভেম্বর নেদারল্যান্ডস এবং ১৮ই নভেম্বর থাইল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশের মেয়েরা। আইসিসি উইমেন্স ইমার্জিং নেশনস ট্রফিতে অংশ নিচ্ছে পাঁচটি পূর্ণ সদস্য দেশ। এগুলো হলো আয়ারল্যান্ড, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। তাদের সঙ্গে আছে সহযোগী সদস্য দেশ নেদারল্যান্ডস, পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড, থাইল্যান্ড ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। ১০ দলকে ভাগ করা হয়েছে দু’টি গ্রুপে।

ইমার্জিং নেশন্সের বাংলাদেশ দল: নাহিদা আক্তার (অধিনায়ক), সোবহানা মোস্তারি (সহ-অধিনায়ক), নিগার সুলতানা, শারমিন আক্তার, স্বর্ণা আক্তার, রিতু মনি, দিলারা আক্তার, রাবেয়া খান, দিশা বিশ্বাস, ফারিহা ইসলাম, ফাহিমা খাতুন, জুয়াইরিয়া ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস, সানজিদা আক্তার ও সাথি রানি।