বিশ্বকাপ দলকে সংবর্ধনা পুরস্কৃত খেলোয়াড়-কোচরা

বিশ্বকাপ দলকে সংবর্ধনা পুরস্কৃত খেলোয়াড়-কোচরা

ফন্ট সাইজ:

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে প্লেট পর্বে রানার্সআপ হয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল। গতকাল সকালে শাহজালাল বিমানবন্দরে ফুল দিয়ে দলকে বরণ করে নেয়া হয়। তারপর দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আয়োজনে দেয়া হয় সংবর্ধনা। সেখানে দলের প্রত্যেক খেলোয়াড় ও কোচিং স্টাফের হাতে এক লাখ টাকা করে পুরস্কারের চেক প্রদান করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সংবর্ধনা অনুষ্ঠানে দলের জন্য আরও তিন লাখ টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সায়েদ মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘পুরো প্রক্রিয়াটি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দেখছেন। এ খেলোয়াড়রা যেন হারিয়ে না যায়, সেই দায়িত্ব আমাদের নিতে হবে। খেলাধুলাকে এগিয়ে নিতে আমরা নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ শুরু করেছি। সরকার এ বিষয়ে যথেষ্ট আন্তরিক।’ বাফুফে সভাপতি তাবিথ আউয়ালও দলের পারফরম্যান্সের প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘পুরো বিশ্বে বাংলাদেশ মিশন বা অ্যাম্বাসি আছে ৮০টির মতো। তবে ফুটবল ছড়িয়ে আছে ২১১টি দেশে। আমাদের খেলোয়াড়রা যে পারফরম্যান্স করেছে তার জন্য তাদের প্রাণখোলা অভিনন্দন। তাদের এ অর্জন আমাদের মুগ্ধ করেছে। আমাদের সার্বিকভাবে সহযোগিতা করার জন্য ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে ধন্যবাদ জানাই।’ বিশ্বকাপের গ্রুপ পর্বে পাঁচ ম্যাচ খেলে একটি জয়, দু’টি ড্র ও দু’টি হার নিয়ে প্লেট পর্বে জায়গা করে নেয় বাংলাদেশ। ওয়েলসের সঙ্গে গোলশূন্য ড্র দিয়ে আসর শুরু করে দলটি। এরপর পর্তুগালের কাছে ৩-১ গোলে হারে। ইন্দোনেশিয়ার সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর বুরুন্ডির কাছে হার ২-০ গোলে। শেষ ম্যাচে ফিজিকে ৩-১ গোলে হারিয়ে প্লেট পর্ব নিশ্চিত করেন রাতুল-বায়জিদরা। প্লেট পর্বে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে টাইব্রেকারে সিশেলসকে হারায় দলটি। তারপর একই পদ্ধতিতে সিঙ্গাপুরকে বিদায় করে শেষ আটে জায়গা করে নেয়। কোয়ার্টার ফাইনালে মন্টেনেগ্রোকে ৪-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ। সেমিফাইনালে গ্যাবনকে ১-০ গোলে হারিয়ে ওঠে ফাইনালে। তবে শিরোপা জেতা হয়নি বাংলাদেশের। ফাইনালে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের কাছে ৪-১ গোলে হেরে রানার্সআপ হয় বাংলাদেশ।