নতুন দায়িত্ব পেয়ে যা বললেন আশরাফুল

ফন্ট সাইজ:

আগামী ১৯শে নভেম্বর শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ রাইজিং স্টার্সের খেলা। কাতারে হবে এবারের আসরের খেলা। ৮ দলের টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশও। আগামী বৃহস্পতিবার থেকে মিরপুর শেরে-ই-বাংলা মাঠে শুরু হবে অনুশীলন। প্রধান কোচ সোহেল ইসলামের নেতৃত্বে হবে ক্যাম্প। ব্যাটিং কোচ হিসেবে থাকবেন মোহাম্মদ আশরাফুল। জাতীয় দল থেকে সরিয়ে দেয়ার পর নতুন করে যুবাদের দায়িত্ব পেয়েছেন তিনি। নতুন দায়িত্ব নিয়ে আশরাফুল বলেন, ‘নিজের সেরাটা দিতে চাই। বিসিবি দায়িত্ব দিয়েছে নিজের কাজটা করতে হবে তো।’ বিসিবি’র একজন কর্মকর্তা জানিয়েছেন, এই টুর্নামেন্টে শক্ত দল করার কথা ভাবা হচ্ছে। জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা থাকবেন এখানে।

‘এ’ গ্রুপে বাংলাদেশ ছাড়াও আছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। এ ছাড়া ‘বি’ গ্রুপে থাকছে ভারত, পাকিস্তান, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত জাতীয় দল। এই টুর্নামেন্টের ফরম্যাট ৫০ ওভারের। ১৯শে নভেম্বর প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা লড়বে আফগানিস্তানের বিপক্ষে। ২০শে নভেম্বর পাকিস্তান-ইউএই ও ভারত-নেপাল ম্যাচ। পরদিন শ্রীলঙ্কা-হংকং ও বাংলাদেশ-আফগানিস্তান লড়াই। ২২ তারিখ ভারত-পাকিস্তান ম্যাচ ছাড়াও রয়েছে ইউএই-নেপাল ম্যাচ। ২৩শে নভেম্বর আফগানিস্তান-হংকং এবং শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচ এবং ২৪শে নভেম্বর ভারত-ইউএই ও পাকিস্তান-নেপাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৬ নভেম্বর ও ২৭ নভেম্বর দু’টি সেমিফাইনাল এবং ২৯শে নভেম্বর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।