১৬ লাখ ২৩ হাজার ক্ষুদে ক্রীড়াবিদ নিয়ে ফিরছে ‘নতুন কুঁড়ি’

১৬ লাখ ২৩ হাজার ক্ষুদে ক্রীড়াবিদ নিয়ে ফিরছে ‘নতুন কুঁড়ি’

ফন্ট সাইজ:

তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করার উদ্যোগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর শুরু হতে যাচ্ছে। এবারের আয়োজনে অংশ নিচ্ছে রেকর্ড ১৬ লাখ ২৩ হাজার ক্ষুদে ক্রীড়াবিদ। আগামীকাল খুলনায় দ্বিতীয় আসরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়ামন্ত্রী আমিনুল হক আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানান। উদ্বোধনী অনুষ্ঠান দেশের ৫০৩টি উপজেলা থেকে সরাসরি সম্প্রচার করা হবে। এবারের আসরে ৪ হাজার ৫৯৯টি ইউনিয়ন থেকে অংশ নিচ্ছে ৯ লাখ ৪৪ হাজার ৮৩৩ জন ছেলে এবং ৬ লাখ ৭৯ হাজার ১৩৫ জন মেয়ে। নতুন করে ভলিবল ও টেবিল টেনিস যুক্ত হওয়ায় এবার মোট ১০টি খেলায় প্রতিযোগিতা হবে।

উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা শেষে আগামী মে বা জুনে ঢাকায় অনুষ্ঠিত হবে জাতীয় ফাইনাল। এর পরপরই তৃতীয় আসর শুরুর পরিকল্পনাও রয়েছে সরকারের। সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের ঘরোয়া ক্রীড়াঙ্গন ঢেলে সাজানোর পরিকল্পনার কথাও তুলে ধরেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি জানান, প্রথম আসরে বাছাই করা ৪০ জন অ্যাথলেটের মধ্যে ২৮ জন মেয়ে ও ১২ জন ছেলে আগামী জানুয়ারি থেকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) স্থায়ী বৃত্তি পাচ্ছে। সাংবাদিকদের মন্ত্রী বলেন, ‘আমরা চাই না এই প্রতিভাবান অ্যাথলেটরা হারিয়ে যাক। সরকার তাদের পড়াশোনা ও খেলাধুলার সম্পূর্ণ দায়িত্ব নেবে। এত বিপুলসংখ্যক মেয়ের অংশগ্রহণ আমাদের জন্য সত্যিই অনেক বড় একটা ইতিবাচক দিক।’

স্থানীয় পর্যায়ে উদীয়মান প্রতিভাদের প্রশিক্ষণের সুযোগ বাড়াতে আগামী ডিসেম্বরের মধ্যেই বিকেএসপি’র সব আঞ্চলিক কেন্দ্র পূর্ণাঙ্গভাবে প্রস্তুত করার নির্দেশ দিয়েছে সরকার। সংবাদ সম্মেলন শেষে বাফুফে ভবনে জাতীয় অনূর্ধ্ব-১৫ ফুটবল দলের সঙ্গে দেখা করতে যাওয়ার আগে মন্ত্রী তুলে ধরেন নারী ক্রিকেটার শারমিন আক্তারের জীবনসংগ্রামের কথা। ঘরোয়া ক্রিকেটে খেলা শারমিন নিজের পড়াশোনা ও অসুস্থ মায়ের চিকিৎসার খরচ জোগাতে রাস্তায় খাবার বিক্রি করেন।

সম্প্রতি পটুয়াখালীর বাউফলে স্থানীয়দের চাঁদায় নির্মিত একটি খেলার মাঠে সরকারি অনুদান দেয়ার প্রসঙ্গ টেনে শারমিনকেও তাৎক্ষণিক সহায়তার আশ্বাস দেন মন্ত্রী। তিনি বলেন, ‘তার জীবনসংগ্রামের কথা জানার পর আমি তখনই সিদ্ধান্ত নিয়েছি যে, আমাদের তার পাশে দাঁড়ানো উচিত।’ সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ক্রীড়াভাবনার কথা স্মরণ করে আমিনুল হক বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের ক্রীড়াঙ্গন নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন এবং যা হয়তো তিনি পুরোপুরি বাস্তবায়ন করে যেতে পারেননি, আমরা তার যোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে চাই।’