মৌলভীবাজারে সাবেক সংসদ সদস্যের ছেলে ফজলে রাব্বি সাদমান ও জেলা যুবলীগের সহ-সভাপতি এডভোকেট গৌছ উদ্দিন নিক্সনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১০টার দিকে মৌলভীবাজার শহর থেকে ফজলে রাব্বি সাদমানকে গ্রেপ্তার করা হয়। সাদমান মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমেদের ছেলে।
জানা যায়, তার বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় মামলা রয়েছে। সাদমান সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন এবং সবাইকে অনলাইনে সম্পৃক্ত করে সুসংগঠিত করার চেষ্টা চালাচ্ছিলেন। তার বাবা সাবেক সংসদ সদস্য নেছার আহমেদ ২০২৪ সালের ৫ই আগস্টের পর থেকে পলাতক রয়েছেন। অপরদিকে মৌলভীবাজার জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি এডভোকেট গৌছ উদ্দিন নিক্সনকেও গ্রেপ্তার করেছে পুলিশ। ২রা অক্টোবর দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, নিক্সনের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় একাধিক মামলা রয়েছে।
২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে এসব মামলা দায়ের করা হয়েছে। ২০২৪ সালের ৫ই আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন। দুইজনকে পৃথকভাবে গ্রেপ্তার করে পুলিশ তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মৌলভীবাজার মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তারা মৌলভীবাজার শহরে নিষিদ্ধ সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডে নানাভাবে সক্রিয় ছিল। তিনি জানান, নিষিদ্ধ সংগঠনের সাংগঠনিক কর্ম তৎপরতা বন্ধে গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে।
