গম চুরির অভিযোগে শ্রমিক ইউনিয়নের সভাপতি গ্রেপ্তার প্রতিবাদে সড়ক অবরোধ

ফন্ট সাইজ:

গম চুরির অভিযোগে খুলনা মহানগরীর মহেশ্বরপাশা মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আরিফ হোসেনসহ তিনজনকে গ্রেপ্তারের প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক সড়ক অবরোধ করেছে শ্রমিকরা। গতকাল সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত এই অবরোধ চলে। এ সময় সড়কের দু’পাশে যানজটের সৃষ্টি হয়। বিক্ষুদ্ধ শ্রমিকরা খুলনা-যশোর সড়কে টায়ারে আগুন দেয়। এ ছাড়া চেয়ার, বেঞ্চ, বাঁশ ইত্যাদি দিয়ে সড়ক আটকে দেয়। ফলে রাস্তার দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দৌলতপুর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন। তার মধ্যস্থতায় সকাল ১১টার পর অবরোধ সাময়িক স্থগিত করা হয়। সভাপতিকে মুক্তি না দিলে শ্রমিকরা পুনরায় সড়ক অবরোধের হুঁশিয়ারি দেন। এ ছাড়া সভাপতিকে গ্রেপ্তারের প্রতিবাদে সকাল থেকেই মানিকতলা খাদ্য গুদামের সকল প্রকার লোড-আনলোড বন্ধ রয়েছে। পুুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত সোমবার রাতে খাদ্য গুদামের অভ্যন্তরের সাইলো থেকে দুই ট্রাক গম কোনো ইনভয়েস ছাড়া অবৈধভাবে গেট থেকে বের করার সময় সাইলো কর্তৃপক্ষ আটক করে।
খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে খাদ্য গুদাম ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মো. আরিফ হোসেন, সাইলোর মেশিনম্যান মেহেদী হাসান এবং এলইউ শাখার ইনভয়েস প্রস্তুতকারী মোহাম্মদ কামরুজ্জামানকে আটক করে থানায় নিয়ে যায়। জানতে চাইলে কেএমপি উপ-পুলিশ কমিশনার সুদর্শন কুমার রায় বলেন, গম চুরির বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। এ ঘটনায় কর্তৃপক্ষ তদন্তে নামে। তদন্তে সভাপতি আরিফের নাম আসে। তাকে পুলিশ থানায় নেয়। গম চুরির ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত চলছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে পুলিশের এই কর্মকর্তা জানান।