যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে স্মারকলিপি দেয়া হয়েছে। জুলাইযোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ অবস্থানের দাবিতে বিদ্যুৎ প্রতিমন্ত্রী এবং যশোরের জেলা প্রশাসকের কাছে পৃথক দু’টি স্মারকলিপি দিয়েছে জুলাইযোদ্ধা সংগঠন, যশোর জেলা শাখা। এছাড়া পুলিশ সুপার, জেলা পরিষদের প্রশাসক ও বিভিন্ন রানৈতিক সংগঠনের নেতাদের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে। মঙ্গলবার সংগঠনের আহ্বায়ক মো. আহাদ হোসাইন ও সদস্য সচিব মো. রাকিবুল ইসলাম রাকিব স্বাক্ষরিত স্মারকলিপি সংশ্লিষ্টদের কাছে দেয়া হয়। স্মারকলিপিতে যশোরের জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
এছাড়া যশোর জেলার সব জুলাইযোদ্ধা ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, জুলাই স্মৃতিস্তম্ভসহ জেলার সব স্মৃতিচিহ্নের সুরক্ষায় কার্যকর নজরদারি এবং জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের যথাযথ মর্যাদা প্রতিষ্ঠার দাবি জানানো হয়েছে। স্মারকলিপিতে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সব গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতাদের দলীয় মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে জুলাইযোদ্ধাদের নিরাপত্তা ও স্মৃতিচিহ্ন রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
