নবীগঞ্জে মেধাবী শিক্ষার্থী আমিনের দায়িত্ব নিলেন সিমি কিবরিয়া

নবীগঞ্জে মেধাবী শিক্ষার্থী আমিনের দায়িত্ব নিলেন সিমি কিবরিয়া

ফন্ট সাইজ:

হবিগঞ্জের নবীগঞ্জে মেধাবী শিক্ষার্থী মো. আমিনের পড়াশোনার দায়িত্ব নিয়েছেন অর্থমন্ত্রণালয়ের অনুমিত সংসদীয় কমিটির সভাপতি ও শিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার সহধর্মিণী সিমি কিবরিয়া। গতকাল মোবাইল ফোনে তিনি শিক্ষার্থী আমিনের সঙ্গে ভিডিওকলে কথা বলে এ ঘোষণা দেন। আমিন এবারের এইচএসসি পরীক্ষায় দিনারপুর কলেজ থেকে অংশ নিয়ে জিপিএ-৫ নিয়ে উত্তীর্ণ হয়েছেন। এ সময় কৃতী শিক্ষার্থীর সঙ্গে কথোপকথনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করলে মুহূর্তেই সেটি ভাইরাল হয়। ভিডিওকলে সিমি কিবরিয়া শিক্ষার্থী আমিনের ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে সে জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ও অধ্যয়ন শেষে দেশের সেবা করতে চায়।

এসময় সিমি কিবরিয়া তাকে বলেন, তোমার স্বপ্ন পূরণে পাশে থাকব। লেখাপড়ার যাবতীয় ব্যয় বহন করার পাশাপাশি যেকোন সমস্যায় তার পাশে থাকার অঙ্গীকার করেন তিনি। এসময় শিক্ষার্থী আমিন তার সিমি কিবরিয়াকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। উল্লেখ্য, চলতি ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় উপজেলার ১২টি কলেজ থেকে ২ হাজার ১০৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সেখান থেকে ১০০৬ জন উত্তীর্ণ হন। পাসের হার ৪৭.৭০%। এর মধ্যে আমিনই একমাত্র জিপিএ-৫ নিয়ে উত্তীর্ণ হওয়ার কৃতিত্ব অর্জন করেন।

দিনারপুর কলেজ থেকে ২১৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে মাত্র ৮২ জন উত্তীর্ণ হয়। পাসের হার ৩৭.৪৪%। ফলাফলের দিক থেকে কলেজটি উপজেলায় সর্বনিম্ন্ন অবস্থানে থাকলেও আলো ছড়িয়ে দেন আমিন। আমিন উপজেলার গজানাইপুর ইউনিয়নের মৃত রহিম উল্লাহর ছেলে। তিন ভাই তিন বোনের মধ্যে পরিবারের চতুর্থ সন্তান আমিন তার সাফল্যের জন্য পরিবার ও শিক্ষকবৃন্দের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন।