অপহরণের দীর্ঘ ১০ দিন পর উদ্ধার হয়েছেন মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের তাড়াইল গ্রামের কলেজ শিক্ষার্থী রিদয়ন আনসারী (২৫)। টানা ৯ দিন একটি অন্ধকার ঘরে চোখ ও হাত বেঁধে আটকে রাখার পর অপহরণকারীরা তাকে ঢাকার নবীনগর-কালিয়াকৈর এলাকার মির্জাপুরে ফেলে রেখে যায়। সোমবার রাতে ফেলে যাওয়ার পর মঙ্গলবার সকালে এক ট্রাকচালকের সহায়তায় নবীনগর পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছান রিদয়ন। সেখানে এক পাঠাও চালকের ফোন থেকে মায়ের সঙ্গে যোগাযোগ করলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকার বাসায় নিয়ে আসেন। রিদয়ন ঘিওর উপজেলার মৃত আব্দুল মান্নান আনসারীর ছেলে। বর্তমানে পরিবারের সঙ্গে রাজধানীর নিউ ইস্কাটন এলাকায় বসবাস করছেন।
তিনি বিবিএ পড়ার পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। পরিবার ও ভুক্তভোগীর দেয়া তথ্যানুযায়ী, গত ২৪শে অক্টোবর (শনিবার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুরের কালিয়াকৈর থানাধীন সফিপুর এলাকায় বড় বোনের বাসা থেকে ঢাকার মগবাজারের উদ্দেশ্যে রওনা হন রিদয়ন। পথিমধ্যে আব্দুল্লাহপুর থেকে মগবাজার যাওয়ার উদ্দেশ্যে প্রভাতী বনশ্রী বাসে ওঠেন। বাসটি উত্তরা আজমপুর এলাকায় পৌঁছালে তার পাশে মাস্ক পরা এক ব্যক্তি এসে বসেন। এর পর পরই রিদয়ন সচেতনতা ও স্মৃতি হারিয়ে ফেলেন। রাত সাড়ে ৯টার পর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। রিদয়নের বড় ভাই শাহরিয়ার আনসারী মানবজমিনকে জানান, অপহরণকারীরা তাকে একটি অন্ধকার ঘরে আটকে রেখেছিল। সারাক্ষণ হাত ও চোখ বাঁধা থাকতো।
ঘটনার পরদিন ২৫শে অক্টোবর ভোরে একটি অপরিচিত নম্বর থেকে কল দিয়ে রিদয়নকে জীবিত ফেরাতে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। তখন দফায় দফায় ৪০ হাজার টাকা পাঠান। কিন্তু টাকা পেয়েও তারা রিদয়নকে না ছেড়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। এ ছাড়া রিদয়নের মোবাইল ফোন, ই-মেইল, বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টের সব পাসওয়ার্ড হাতিয়ে নেয় চক্রটি। এ ঘটনায় ২৫শে অক্টোবর রিদয়নের খালাতো ভাই ফয়সল মাহমুদ গাজীপুরের কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পাশাপাশি দ্রুত ব্যবস্থা নিতে র্যাব-৩ (খিলগাঁও ক্যাম্প)-এর কোম্পানি কমান্ডার বরাবর লিখিত অভিযোগ দেয়া হয়।
রিদয়নকে জীবিত ফিরে পেয়ে তার অসহায় পরিবারে স্বস্তি ফিরে এসেছে। স্বজনরা জানান, ঘটনার শুরু থেকেই দৈনিক মানবজমিনসহ বিভিন্ন পত্রিকা, অনলাইন ও টেলিভিশন গুরুত্বের সঙ্গে সংবাদ প্রকাশ করায় রিদয়নকে দ্রুত ফিরে পাওয়া সম্ভব হয়েছে। তারা সকল গণমাধ্যমের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তবে টানা ৯ দিন বন্দি থাকায় রিদয়ন মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন বলে জানায় পরিবার।
