আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোণার পূর্বধলা উপজেলার ২নং হোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় শীর্ষে রয়েছেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ফকির সুজন। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে বিএনপি’র রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। পরিচ্ছন্ন ও সৎ মানুষ হিসেবে এলাকায় তার ব্যাপক পরিচিতি রয়েছে। করোনাকালীন সময়সহ বিভিন্ন দুর্যোগে তিনি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। সমপ্রতি তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী মাঠে নিজের অবস্থান জানান দিয়ে ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন। এ বিষয়ে ফকির সুজন বলেন, আমি পদ-পদবি, অট্টালিকা বা ধন-সম্পদের জন্য রাজনীতি করি না, মানুষের সেবা করার জন্য রাজনীতি করি।
আল্লাহ্ যদি সুযোগ দেন এবং হোগলা ইউনিয়নবাসী আমাকে নির্বাচিত করেন, তাহলে একটি আধুনিক, মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন উপহার দেব। তিনি আরও বলেন, জনগণের আমানত রক্ষা করবো। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পঙ্গু ভাতা, ভিজিডি, ভিজিএফসহ সকল সরকারি সুবিধা প্রকৃত হকদারদের মাঝে স্বচ্ছভাবে বণ্টন করবো। শিক্ষা, স্বাস্থ্য ও রাস্তাঘাটের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেবো। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তরুণ প্রার্থী হিসেবে তরুণ ভোটারদের মাঝে তার জনপ্রিয়তা ব্যাপক। যোগ্য ও শক্তিশালী প্রার্থী হিসেবে আসন্ন নির্বাচনে তিনিই এগিয়ে রয়েছেন বলে মনে করছেন ভোটাররা।
