কুমিল্লার বরুড়ায় ভাংতি টাকা নিয়ে বিরোধের জেরে কথা কাটাকাটি ও মারধরের শিকার হয়ে সোহেল মিয়া (৩২) নামের এক অটোরিকশার চালকের মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার ঝলম বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহেল বরুড়া উপজেলার বিলপুকুরিয়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঝলম বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় বাসিন্দা ও কেরানি মো. আবুল বাশারের দুই ছেলের সঙ্গে অটোরিকশা চালক সোহেলের ভাংতি টাকা নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সোহেল বাশারের এক ছেলেকে চড় মারেন বলে অভিযোগ রয়েছে। পরে বাশারের অপর ছেলে, যিনি বলাকা বাসের স্টাফ হিসেবে কর্মরত, ঘটনাস্থলে এসে সোহেলকে মারধর করেন।
ঘটনার পর হঠাৎ সোহেল অসুস্থ হয়ে পড়লে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে নিহতের স্বজনদের দাবি, সোহেল জন্মগতভাবে মৃগী (এপিলেপসি) রোগে আক্রান্ত ছিলেন। এদিকে এই মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের স্বজন ও স্থানীয় লোকজনের একটি পক্ষের দাবি, মারধরের কারণে তার মৃত্যু হয়েছে। অন্যদিকে প্রতিপক্ষের দাবি, তিনি স্ট্রোক বা আকস্মিক অসুস্থতায় মারা গেছেন। ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বরুড়া থানার ওসি কাজী নাজমুল হক জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
