নিকলীতে পুলিশের হাতে আটক যুবককে ছিনিয়ে নেয়ার চেষ্টা, গ্রেপ্তার ৩

ফন্ট সাইজ:

কিশোরগঞ্জের নিকলীতে ইয়াবাসহ শাকিল (২২) নামে এক যুবককে পুলিশ আটক করার পর তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় উপজেলা ছাত্রদলের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক সিয়াম হাসান অক্ষয় (২৭) এবং তার দুই সহযোগী শাহরুখ (২৭) ও হিমেল (২৭)কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে সিয়াম হাসান অক্ষয় নিকলী সদরের খালিসাহাটি গ্রামের বাহার উদ্দিন বাচ্চুর ছেলে, শাহরুখ নিকলী সদরের পুকুরপাড় গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে এবং হিমেল একই গ্রামের মিয়া হোসেনের ছেলে। অক্ষয়কে বড় তালাবপাড় গ্রামের শ্বশুরবাড়ি থেকে এবং শাহরুখ ও হিমেলকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। স্থানীয়রা জানান, উপজেলা ছাত্রদলের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক সিয়াম হাসান অক্ষয় এলাকায় কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেয়ার পাশাপাশি মাদকচক্রের অন্যতম নিয়ন্ত্রক বা গডফাদার হিসেবে পরিচিত।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত পহেলা নভেম্বর রাত ১০টার দিকে নিকলী সদরের টিএন্ডটি মোড় এলাকায় নিকলী থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ৬ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩ হাজার টাকাসহ হাতেনাতে শাকিল নামে এক যুবককে আটক করে। এ সময় খবর পেয়ে সিয়াম হাসান অক্ষয়, শাহরুখ, আল আমিন, হিমেল, নিলয় ও নির্জনসহ তাদের আরও ১০-১৫ জন সহযোগী ঘটনাস্থলে জড়ো হয়ে পুলিশকে ঘেরাও করে। এ সময় তারা মব সৃষ্টি করে পুলিশের কাজে বাধা দেয়।

একপর্যায়ে পুলিশের সদস্যদের ধাক্কা দিয়ে আটক শাকিলকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে তারা। কিন্তু পুলিশের দৃঢ়তার কারণে তাদের চেষ্টা ব্যর্থ হয়। এ ঘটনায় নিকলী থানার এসআই তুষার বাদী হয়ে অক্ষয়সহ ছয়জনের নামোল্লেখ এবং অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনকে আসামি করে নিকলী থানায় মামলা দায়ের করেন। এ ব্যাপারে নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইশতিয়াক আহমেদ জানান, মাদক, ইভটিজিং ও ছিনতাই প্রতিরোধে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ অভিযান পরিচালনা করছে। এর ধারাবাহিকতায় মঙ্গলবার ভোরে সিয়াম হাসান অক্ষয়, শাহরুখ ও হিমেলকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।