নওগাঁ কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

ফন্ট সাইজ:

নওগাঁয় কারা হেফাজতে জাকির হোসেন নবাব (৫৮) নামে কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন নওগাঁ সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত ডাক্তার। তিনি বলেন, জাকির হোসেন নবাব সোয়া ১১টার দিকে মারা যান। তাকে সংকটাপন্ন অবস্থায় আনা হয়েছিল। আর কী কারণে মৃত্যু হয়েছে সেটা ময়না তদন্ত ছাড়া বলা সম্ভব নয়। তবে নওগাঁ জেলা কারাগারের অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত চিকিৎসক কৌশিক আহমেদ জানান, জাকির হোসেন নবাব হৃদরোগে আক্রান্ত ছিলেন। তিনি নিয়মিত তাকে দেখতেন।

আজ হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার সময়ে মারা যান। সম্ভবত তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছেন বলেও জানান ডাক্তার কৌশিক আহমেদ। নিহত জাকির হোসেন নবাব বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি ছিলেন বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। নওগাঁ জেলা কারাগারের সুপার রতনা রায় বলেন, সকালে জাকির হোসেন অসুস্থতাবোধ করলে, তাকে সদর হাসপাতালে পাঠানো হয়। আর জাকির হোসেন নবাব কারাগারে বিস্ফোরক মামলায় আটক ছিলেন।